বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ১

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কর্তা ফকির নামে ষাট বছর বয়সী এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ১
ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কর্তা ফকির নামে ষাট বছর বয়সী এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার বারবাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন। নিহত কর্তা ফকির উপজেলার হাসিলবাগ নিউ মার্কেট এলাকার জাফর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, খুলনা থেকে কুষ্টিয়ার অভিমুখে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি বাস বারবাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় সামনে থাকা এক সাইকেল আরোহীকে রক্ষা করার চেষ্টা করতে গিয়ে বাসটি কর্তা ফকিরকে সরাসরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধাক্কা দেওয়ার পর বাসটি রাস্তার পাশে অবস্থিত জননী আছিয়া ক্লিনিকের সামনের একটি খাদে ছিটকে পড়ে। এই ঘটনায় নৈহাটি গ্রামের দুলাল বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস আহত হন।

বারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হতে যাওয়া এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়েই মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং অন্য একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। ঘাতক বাসটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এবং এই সংক্রান্ত আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।