বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

কানাডার এক মসজিদের ইমামের ওপর ইসলামবিদ্বেষী হামলার অভিযোগ

কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের ভিক্টোরিয়া শহরে একটি মসজিদের ইমামের ওপর অতর্কিত শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা ঘটেছে। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ইসলামবিদ্বেষী উসকানিমূলক মন্তব্য ও গালিগালাজ করতে করতে এই বর্বর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

কানাডার এক মসজিদের ইমামের ওপর ইসলামবিদ্বেষী হামলার অভিযোগ
ছবি : সংগৃহীত

কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের ভিক্টোরিয়া শহরে একটি মসজিদের ইমামের ওপর অতর্কিত শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা ঘটেছে।

এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ইসলামবিদ্বেষী উসকানিমূলক মন্তব্য ও গালিগালাজ করতে করতে এই বর্বর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

কানাডিয়ান মুসলিমদের জাতীয় পরিষদ (এনসিসিএম) শনিবার দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, বিসিএমএ মসজিদের সম্মানিত ইমাম শেখ ইব্রাহিম গত বৃহস্পতিবার সন্ধ্যায় জামাতে নামাজ শেষ করে নিজের গাড়িতে গিয়ে বসেন। ঠিক সেই মুহূর্তে এক ব্যক্তি জোরপূর্বক তার গাড়ির দরজা খুলে ফেলে এবং তার ওপর অতর্কিতভাবে শারীরিক হামলা চালায়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আক্রমণের সময় ওই ব্যক্তি অনবরত ইসলাম ও মুসলিমবিদ্বেষী বিভিন্ন আপত্তিকর মন্তব্য করতে থাকে এবং একপর্যায়ে ইমামকে দেশ ছেড়ে নিজের মাতৃভূমিতে ফিরে যাওয়ার জন্য চিৎকার করে শাসাতে থাকে।

সংগঠনটি জানিয়েছে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকে গত ৪৮ ঘণ্টা ধরে তারা ভিক্টোরিয়ার সংশ্লিষ্ট নিরাপত্তা ও প্রশাসনিক কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে, যাতে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দোষী ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হয়।

এনসিসিএম-এর পক্ষ থেকে গভীর ক্ষোভ প্রকাশ করে বলা হয়, একজন সম্মানিত ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্বকে এভাবে বেছে বেছে লক্ষ্যবস্তু বানিয়ে হেনস্তা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনাটি পশ্চিমা সমাজে ক্রমবর্ধমান মুসলিমবিদ্বেষ বা ইসলামোফোবিয়ার বিপজ্জনক বাস্তবতার এক বড় প্রমাণ।

কানাডায় সাম্প্রতিক সময়ে মুসলিমদের লক্ষ্য করে এমন সহিংসতার ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে উল্লেখ করে সংস্থাটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সাথে তারা দেশটির সব স্তরের রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বকে এই জঘন্য হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি জাতিগত বা ধর্মীয় ঘৃণাজনিত অপরাধ কঠোর হস্তে দমনের আহ্বান জানিয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই নৃশংস হামলার সব দিক, বিশেষ করে এর পেছনে ধর্মীয় বা বর্ণবাদী কোনো বিদ্বেষ কাজ করেছে কি না, তা গভীরভাবে তদন্ত করার তাগিদ দিয়েছে এনসিসিএম। তবে ভিক্টোরিয়া পুলিশের পক্ষ থেকে হামলাকারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কি না কিংবা আক্রান্ত ইমামের বর্তমান শারীরিক অবস্থা কেমন, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।