বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026
সকল বিভাগ

কে সাংবাদিক আর কে সাংবাদিক নয়, তা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

কে প্রকৃত সাংবাদিক আর কে নন—তা নির্ধারণের লক্ষ্যে একটি নির্দিষ্ট ও দায়িত্বশীল কর্তৃপক্ষ থাকা অত্যন্ত প্রয়োজন বলে মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

কে সাংবাদিক আর কে সাংবাদিক নয়, তা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী
ছবি : সংগৃহীত
কে প্রকৃত সাংবাদিক আর কে নন—তা নির্ধারণের লক্ষ্যে একটি নির্দিষ্ট ও দায়িত্বশীল কর্তৃপক্ষ থাকা অত্যন্ত প্রয়োজন বলে মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস অ্যাক্রেডিটেশন কমিটির ৩৪তম এবং নতুন কমিটির প্রথম বৈঠকে অংশ নিয়ে তথ্যমন্ত্রী এই অভিমত ব্যক্ত করেন।

কমিটির সদস্যদের উদ্দেশ্যে মন্ত্রী পরামর্শ দিয়ে বলেন, প্রতিটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশের সংবিধান, বর্তমান আইন ও প্রাসঙ্গিক বিধিমালার সঠিক প্রতিফলন ঘটাতে হবে। একই সাথে সিদ্ধান্ত গ্রহণে গভীর দূরদর্শিতা, বিচারবুদ্ধি এবং সব শ্রেণী-পেশার মানুষকে অন্তর্ভুক্ত করার মানসিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি, যেন গৃহীত সিদ্ধান্তসমূহ সকলের কাছে সার্বজনীন গ্রহণযোগ্যতা লাভ করে।

তিনি স্পষ্ট করেন, কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধি হিসেবে নয়, বরং জনগণের প্রত্যক্ষ রায়ে গঠিত সরকারের দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে প্রতিটি নাগরিকের প্রতি সমান জবাবদিহিতা রেখে ভূমিকা পালন করতে হবে।

গণমাধ্যমকে একটি বহুমাত্রিক ক্ষেত্র উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ভিন্ন মত, চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গির মানুষের একাত্মতার বিকল্প নেই। ফলে কোনো ধরনের সংকীর্ণ বা পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত না নিয়ে, সমন্বিত সিদ্ধান্তের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক মানুষকে সাথে নিয়ে চলার নীতি অনুসরণের ওপর তিনি জোর দেন।

তিনি মতামত ব্যক্ত করেন, যেকোনো জটিল ও স্পর্শকাতর পরিস্থিতিতে সর্বজনগ্রাহ্য সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার ওপরই রাজনৈতিক নেতৃত্বের আসল যোগ্যতা নির্ভর করে।

জহির উদ্দিন স্বপন আরও উল্লেখ করেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রাষ্ট্রের একটি অন্যতম রাজনৈতিক সংবেদনশীল দপ্তর। ফলে এখানে ছোট্ট একটি ভুল সিদ্ধান্ত পরবর্তীতে জাতীয় ও রাজনৈতিক অঙ্গনে বড় ধরণের প্রভাব সৃষ্টি করতে পারে। তাই তাৎক্ষণিক চিন্তার উর্ধ্বে উঠে দীর্ঘমেয়াদি ফলাফল বিবেচনা করে পদক্ষেপ নিতে হবে, যেখানে কমিটির সদস্যদের অভিজ্ঞতা ও বিচক্ষণতাই মূল নিয়ামক হবে।

প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে সম্পন্ন হওয়া এই প্রথম সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. শাহ আলম, দপ্তরের পদস্থ কর্মকর্তাবৃন্দ এবং নতুন অ্যাক্রেডিটেশন কমিটির সদস্যরা উপস্থিতি ছিলেন।