শনিবার, 28 নভেম্বর 2026
সকল বিভাগ

কেএনএফ প্রধানসহ ৯ জনের নামে মামলা, সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ

তদন্তে সিআইডি জানতে পারে, কেএনএফের প্রতিনিধি হিসেবে মংহলাসিন মারমা ওরফে মং প্রথমে নিয়াজ হায়দারের সঙ্গে যোগাযোগ করেন। পরে নিয়াজের মাধ্যমে তিনি গোলাম আজমের সঙ্গে যোগাযোগ করেন। কাপড় তৈরির জন্য ‘ওয়েল কম্পোজিট নিট লিমিটেডের’ সঙ্গে যোগাযোগ করা হয়। দুটি ক্রয়াদেশের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে দেওয়া হয় ৯০ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।

কেএনএফ প্রধানসহ ৯ জনের নামে মামলা, সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ

সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নাথান বমসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার এজাহারে কেএনএফের জন্য ৪০ হাজার সেট ক্যামোফ্লেজ পোশাক তৈরিতে ১ কোটি ৬২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা লেনদেনের তথ্য পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, বুধবার বায়েজিদ বোস্তামী থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করা হয়। মামলায় নাথান বমকে প্রধান আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন রাঙ্গামাটির মংহলাসিন মারমা ওরফে মং (৩৮), চট্টগ্রামের নিয়াজ হায়দার (৩৯), সাহেদুল ইসলাম (২৭), মোহাম্মদ কামরুজ্জামান (৫৮), জামালুল ইসলাম (৪৫) ও তৌহিদুল ইসলাম (৩৮), চাঁপাইনবাবগঞ্জের গোলাম আজম (৪৭) এবং লালমনিরহাটের মতিউর রহমান (৪৩)।

কেএনএফের ক্যামোফ্লেজ পোশাক তৈরির একটি কারখানার সন্ধান পাওয়ার পর এর আগে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছিল পুলিশ। গত বছরের ১৮ মে রাতে বায়েজিদ বোস্তামী থানার মোজাফফরনগর আবাসিক এলাকা থেকে কেএনএফের পোশাক তৈরির কাজে জড়িত একজনকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হালিশহরের ছোটপুল এলাকা থেকে আরও দুজনকে আটক করে পুলিশ।

পরে তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি গুদাম ও একটি তৈরি পোশাক কারখানায় অভিযান চালানো হয়। সেখান থেকে চার রঙের ক্যামোফ্লেজ পোশাকের ২০ হাজার ৩০০ সেট উদ্ধার করা হয়। এ ঘটনার পর অর্থের লেনদেন ও পোশাক তৈরির পুরো প্রক্রিয়া নিয়ে অনুসন্ধানে নামে সিআইডি।

তদন্তে সিআইডি জানতে পারে, কেএনএফের প্রতিনিধি হিসেবে মংহলাসিন মারমা ওরফে মং প্রথমে নিয়াজ হায়দারের সঙ্গে যোগাযোগ করেন। পরে নিয়াজের মাধ্যমে তিনি গোলাম আজমের সঙ্গে যোগাযোগ করেন। কাপড় তৈরির জন্য ‘ওয়েল কম্পোজিট নিট লিমিটেডের’ সঙ্গে যোগাযোগ করা হয়। দুটি ক্রয়াদেশের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে দেওয়া হয় ৯০ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।

সিআইডির তথ্য অনুযায়ী, ওই কাপড় দিয়ে কেএনএফের ৪০ হাজার সেট পোশাকের শার্ট ও প্যান্ট তৈরির জন্য ‘রিংভো অ্যাপারেলস’, ‘এনএন ফ্যাশন’ ও ‘নূর ফ্যাশনে’র সঙ্গে যোগাযোগ করা হয়। এসব প্রতিষ্ঠানে পোশাক তৈরির জন্য মোট ৭২ লাখ টাকা দেওয়া হয়।

সিআইডি জানিয়েছে, পারস্পরিক যোগসাজশে কেএনএফের পোশাক তৈরির উদ্যোগ ও এর অর্থায়নের অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার পর মামলাটি করা হয়েছে। এই আর্থিক নেটওয়ার্কের সঙ্গে আর কারা এবং কোন কোন প্রতিষ্ঠান জড়িত, তা শনাক্ত করতে তদন্ত চলছে।