বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

কুমিল্লায় পুকুরে ডুবে জমজ শিশুর মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই জমজ শিশুর অকাল মৃত্যু হয়েছে।

কুমিল্লায় পুকুরে ডুবে জমজ শিশুর মৃত্যু
ছবিঃ সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই জমজ শিশুর অকাল মৃত্যু হয়েছে।

রোববার ২৯ মার্চ দুপুরে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের অন্তর্গত জিরুইন গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুদের নাম আলী ও অলী, যাদের বয়স মাত্র চার বছর। তারা পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার গিলাতলা গ্রামের বাসিন্দা তারা মিয়ার সন্তান।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে মা ও স্বজনদের সাথে জিরুইন গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসেছিল শিশু দুটি। রোববার দুপুরের দিকে বাড়ির আঙিনায় খেলাধুলা করার সময় পরিবারের সবার অলক্ষ্যে তারা পাশের একটি পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা চারদিকে সন্ধান শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পানিতে দুই ভাইকে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়।

তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। এ প্রসঙ্গে স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যাওয়ায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাদের বাঁচাতে পারেননি। দুই শিশুর এমন মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।