কুড়িগ্রামের চিলমারী উপজেলায় আওয়ামী লীগের দুই নেতা আনুষ্ঠানিকভাবে দলীয় সকল পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের নটারকান্দি বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই সিদ্ধান্ত জানান। পদত্যাগকারী দুই নেতা হলেন অষ্টমীর চর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফুল মিয়া এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মাসলেম উদ্দিন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফুল মিয়া জানান, তিনি ২০০১ সাল থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত প্রায় তিন বছর আগে স্থানীয় জনগণের চাপ ও জনস্বার্থের কথা চিন্তা করে তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিজের ভুল উপলব্ধি করতে পেরেছেন বলে দাবি করেন তিনি।
ফুল মিয়া বলেন, “বর্তমান বাস্তবতায় নিজের ভুল উপলব্ধি করতে পেরে আজ থেকে আওয়ামী লীগের সকল পদপদবী ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সম্পূর্ণভাবে সরে দাঁড়ালাম।”
একই সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিয়ে মাসলেম উদ্দিন বলেন, তিনিও আর দলীয় আদর্শ বা কোনো সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে চান না। তাই স্বেচ্ছায় আওয়ামী লীগের সকল পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে সম্প্রতি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সেই বাস্তবতায় তৃণমূল পর্যায়ের নেতাদের এমন পদত্যাগ স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।