বৃহস্পতিবার, 12 নভেম্বর 2026
সকল বিভাগ

বিএমইউতে মাসে ২টি লিভার প্রতিস্থাপনের পরিকল্পনা, খরচ ভারতের ‘এক তৃতীয়াংশ’

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি বলেন, এ পর্যন্ত ছয়টি সফল লিভার প্রতিস্থাপন করা হয়েছে। এসব অস্ত্রোপচারের খরচ সরকার বহন করেছে। ২০২৭ সাল পর্যন্ত এ ধরনের অস্ত্রোপচার সরকারি তহবিল থেকে বিনামূল্যে করার পরিকল্পনা রয়েছে।

বিএমইউতে মাসে ২টি লিভার প্রতিস্থাপনের পরিকল্পনা, খরচ ভারতের ‘এক তৃতীয়াংশ’

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে এখন থেকে মাসে দুটি করে লিভার প্রতিস্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে আরও চারটি প্রতিস্থাপনের জন্য রোগী নির্বাচন ও প্রস্তুতির কাজ চলছে। এ হাসপাতালে লিভার প্রতিস্থাপনে খরচ পড়ছে আশপাশের দেশগুলোর তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি বলেন, এ পর্যন্ত ছয়টি সফল লিভার প্রতিস্থাপন করা হয়েছে। এসব অস্ত্রোপচারের খরচ সরকার বহন করেছে। ২০২৭ সাল পর্যন্ত এ ধরনের অস্ত্রোপচার সরকারি তহবিল থেকে বিনামূল্যে করার পরিকল্পনা রয়েছে।

উপাচার্য বলেন, এখন পর্যন্ত হওয়া ছয়টি প্রতিস্থাপনের মধ্যে দুটি হয়েছে ২০২৫ সালের ১ ও ২ সেপ্টেম্বর। বাকি চারটি হয়েছে চলতি বছরের ৩ ও ৪ জুলাই এবং ১১ ও ১২ সেপ্টেম্বর। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের লিভার ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিকের মাধ্যমে এসব রোগীর ফলোআপ চিকিৎসা চলছে।

অধ্যাপক এফ এম সিদ্দিকী বলেন, ২০১৯ ও ২০২৩ সালে বিএমইউতে একটি করে লিভার প্রতিস্থাপন করা হয়েছিল। তবে তখন কার্যক্রমটি ধারাবাহিক ছিল না। চলতি বছরের এপ্রিল থেকে নতুন কর্মপরিকল্পনা নেওয়ার পর নিয়মিতভাবে লিভার প্রতিস্থাপন কার্যক্রম শুরু হয়েছে। বছরে ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

লিভার প্রতিস্থাপনে খরচের বিষয়ে তিনি বলেন, আশপাশের দেশগুলোতে এ ধরনের অস্ত্রোপচারে সব মিলিয়ে প্রায় এক কোটি টাকা খরচ হয়। অথচ বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে এটি ৩০ থেকে ৩৫ লাখ টাকায় করা সম্ভব হচ্ছে। তাঁর দাবি, ভারতের তুলনায় অর্ধেকেরও কম খরচে এখানে সফলভাবে অস্ত্রোপচার করা হচ্ছে। ভবিষ্যতে এই খরচ আরও কমবে বলেও জানান তিনি।

উপাচার্য বলেন, “আগামী ১০ থেকে ১২ অক্টোবরের মধ্যে আরও দুটি লিভার ট্রান্সপ্ল্যান্ট করার প্রস্তুতি চলছে। এর জন্য চারজন রোগী ইতোমধ্যে প্রস্তুত রয়েছেন।”

ডোনার নির্বাচনে স্বচ্ছতা ও আর্থিক লেনদেন ঠেকানোর বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে অধ্যাপক সিদ্দিকী বলেন, মানবদেহে অঙ্গ প্রতিস্থাপন আইন অনুযায়ী একাধিক ধাপে ডোনার ও গ্রহীতার সম্পর্ক, চিকিৎসাগত উপযুক্ততা এবং প্রয়োজনীয় নথি যাচাই করা হয়। সব প্রক্রিয়া শেষ হওয়ার পর হাসপাতালের একটি বোর্ডও বিষয়গুলো পুনরায় যাচাই করে।

তিনি বলেন, “বিভিন্ন সময় হাসপাতালের কমিটি ডোনারের পরিচয়, উৎপত্তি ও পারিবারিক সম্পর্ক যাচাই করে। প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান, কাউন্সিলর এমনকি স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গেও যোগাযোগ করা হয়, যাতে কোনো আর্থিক লেনদেন বা অনিয়ম না থাকে।”

মাসে দুটি করে লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণের বিষয়ে উপাচার্য বলেন, একজন দাতা ও একজন গ্রহীতাকে প্রস্তুত করতে দীর্ঘ সময় লাগে। চিকিৎসাগত মিল, আইনগত অনুমোদন, মানসিক প্রস্তুতি এবং বড় ধরনের লজিস্টিক সমন্বয় ছাড়া একটি প্রতিস্থাপন সম্ভব নয়।

তিনি বলেন, “এই ধরনের সফল অস্ত্রোপচার কোনো একজন সার্জনের সাফল্য নয়; সার্জন, হেপাটোলজিস্ট, অ্যানেসথেটিস্ট, নার্স, রেসিডেন্ট চিকিৎসক ও ইনফেকশন কন্ট্রোল টিম—সবাই মিলে এটি সম্ভব হয়েছে।”

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে অধ্যাপক সিদ্দিকী বলেন, “দ্রুতই নিজেদের এ অস্ত্রোপচারে শতভাগ বিশেষজ্ঞ সার্জন তৈরি করতে পারব। যারা এই হাসপাতালের বাইরে দেশের বিভিন্ন সেন্টারে এই ধরনের সফল অস্ত্রোপচার করবেন। কারণ দেশে এটির প্রচুর চাহিদা রয়েছে। কিন্তু আমাদের বিষয়ে এখনো সেই ধরনের আস্থার জায়গা তৈরি হয়নি। আশা করি এখানে নিয়মিত অস্ত্রোপচার হওয়ার পর দেশের মানুষের কাছে সেই ইতিবাচক বার্তা যাবে।”

বিদেশের কিছু ট্রান্সপ্ল্যান্ট সেন্টারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “অনেক সেন্টার ট্রান্সপ্ল্যান্টের সফলতার হার ঠিক রাখার জন্য কোনো ঝুঁকি নিয়ে অপারেশন করে না। কিন্তু আমরা দেশের মানুষের স্বার্থে শুধু সফলতার হার বৃদ্ধিতে নয়, সেবার জন্য কাজ করব।”

বিএমইউর পক্ষ থেকে জানানো হয়, ছয়টি লিভার প্রতিস্থাপনে বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিশেষায়িত বিভাগ অংশ নেয়। ভারতের হায়দ্রাবাদের এশিয়ান ইনস্টিটিউট অব গ্যাস্ট্রোএন্টারোলজি (এআইজি) হাসপাতালের বিশেষজ্ঞ দল এতে কারিগরি সহযোগিতা দেয়।

সম্প্রতি লিভার প্রতিস্থাপন করা গৃহিণী জোৎসা বেগম এখন সুস্থভাবে চলাফেরা করছেন। তাঁর ছেলে মো. সাজ্জাদ ছিলেন লিভারের দাতা।

সাজ্জাদ বলেন, “আমি অস্ত্রোপচারের পরও বিশ্বাস করতে পারছিলাম না বাংলাদেশে এটি সম্ভব। আমার মা খুব সুস্থভাবে এখন জীবনযাপন করছেন। অপারেশনের জন্য আমাদের প্রায় এক মাস হাসপাতালে থাকতে হয়েছে। বাংলাদেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে অনেকে নেতিবাচক মন্তব্য করেন। কিন্তু এই অস্ত্রোপচারের পর বুঝতে পারছি, দেশের চিকিৎসাব্যবস্থা অনেক দূর এগিয়ে গেছে।”

সংবাদ সম্মেলনে সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, লিভার ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক ডা. বিধান চন্দ্র দাস, বিএমইউর অধ্যাপক ডা. সাইফ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমসহ ট্রান্সপ্ল্যান্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।