বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

যুক্তরাজ্যের লন্ডনের পশ্চিমাঞ্চলীয় হোয়াইট সিটি এলাকায় একটি একতলা প্যাভিলিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩
ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনের পশ্চিমাঞ্চলীয় হোয়াইট সিটি এলাকায় একটি একতলা প্যাভিলিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে লন্ডন ফায়ার ব্রিগেড। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ জানায়, নিউজিল্যান্ড ওয়ে এলাকায় অবস্থিত ওই ভবনটিতে আগুন লাগার পর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে তাদের কাছে প্রথম জরুরি বার্তা পৌঁছায়। পরিস্থিতি বিবেচনায় দ্রুততার সঙ্গে ১৫টি ফায়ার ইঞ্জিন এবং প্রায় ১০০ জন দমকল কর্মীকে উদ্ধার কাজে মোতায়েন করা হয়।

কর্তৃপক্ষ উল্লেখ করেছে, আগুনের তীব্রতায় প্যাভিলিয়নটির অর্ধেকেরও বেশি অংশ সম্পূর্ণ পুড়ে গেছে। উদ্ধার অভিযান চলাকালে ভবনের ভেতর থেকে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল।

উদ্ধারকৃতদের মধ্যে দুই পুরুষকে অকুস্থলেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি একজনকে অত্যন্ত গুরুতর অবস্থায় হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও শেষ নিশ্বাস ত্যাগ করেন।

লন্ডন ফায়ার ব্রিগেড আরও জানায়, এই অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের দপ্তরে সব মিলিয়ে ১৯টি জরুরি ফোন কল আসে। পরিস্থিতি সামাল দিতে পার্শ্ববর্তী অন্যান্য ফায়ার স্টেশনের বিশেষ দলও দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। দমকল বাহিনীর দীর্ঘ আড়াই ঘণ্টার নিরলস প্রচেষ্টায় রাত ৯টা ২৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

হঠাৎ করে এই আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার রহস্য উদ্ঘাটনে লন্ডন ফায়ার ব্রিগেডের বিশেষ তদন্তকারী দল কাজ শুরু করেছে এবং তাদের সার্বিক সহায়তা প্রদান করছে স্থানীয় পুলিশ প্রশাসন।