মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও ঘনীভূত হওয়ার মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে নতুন নৌ-অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। তারা জানিয়েছে, লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি এবং আশপাশের জলসীমায় ইসরায়েলের মালিকানাধীন বা ইসরায়েল-সংশ্লিষ্ট কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না।
সোমবার (৮ জুন) প্রকাশিত এক বিবৃতিতে হুতিরা এ ঘোষণা দেয়। গোষ্ঠীটির দাবি, গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযান এবং ফিলিস্তিনিদের ওপর অব্যাহত হামলার প্রতিবাদে তারা এ পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবিও করেছে তারা।
বিবৃতিতে হুতিরা সতর্ক করে বলেছে, ইসরায়েল যদি সামরিক অভিযান আরও সম্প্রসারণ করে বা আঞ্চলিক উত্তেজনা বাড়ায়, তবে তারাও নিজেদের হামলার পরিধি বৃদ্ধি করবে। তাদের ভাষ্য অনুযায়ী, এই অবস্থান শুধু ইয়েমেনের স্বার্থ রক্ষার জন্য নয়; বরং ফিলিস্তিন, গাজা, ইরান, লেবানন ও ইরাকের জনগণের প্রতি সংহতির অংশ হিসেবেও নেওয়া হয়েছে।
হুতিরা আরও বলেছে, “ফিলিস্তিন, গাজা, ইরান, লেবানন ও ইরাকের জনগণের বিরুদ্ধে অন্যায় ও অবরোধ চলতে থাকলে আমরা চুপ করে বসে থাকব না। প্রতিরোধের অংশ হিসেবে আমাদের অভিযান চলতেই থাকবে।”
এদিকে রোববার রাত থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ইরান ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হুতিরাও ওই হামলায় অংশ নেওয়ার দাবি করেছে।
গোষ্ঠীটির দাবি, তারা ইসরায়েল নিয়ন্ত্রিত জাফা অঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো কোনো নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সূত্র: দ্য ন্যাশনাল