শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

মহানায়িকা সুচিত্রা সেনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে যে নামটি ‘নায়িকা’ শব্দের সঙ্গে চিরদিনের জন্য একাকার হয়ে আছে, তিনি সুচিত্রা সেন। রূপ, অভিনয়গুণ আর রহস্যে মোড়া ব্যক্তিত্বে যিনি বাঙালির হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন চিরকালের মহানায়িকা হিসেবে। আজ কিংবদন্তি এই অভিনেত্রীর দ্বাদশ মৃত্যুবার্ষিকী।

মহানায়িকা সুচিত্রা সেনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে যে নামটি ‘নায়িকা’ শব্দের সঙ্গে চিরদিনের জন্য একাকার হয়ে আছে, তিনি সুচিত্রা সেন। রূপ, অভিনয়গুণ আর রহস্যে মোড়া ব্যক্তিত্বে যিনি বাঙালির হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন চিরকালের মহানায়িকা হিসেবে। আজ কিংবদন্তি এই অভিনেত্রীর দ্বাদশ মৃত্যুবার্ষিকী।

দিনটি উপলক্ষে পাবনায় সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে তাঁর পৈতৃক বাড়িতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

পাবনার জেলা প্রশাসক শাহেদ মোস্তফা জানান, সুচিত্রা সেনের মৃত্যুবার্ষিকী ঘিরে সরকারি পর্যায়ে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। তাঁর পৈতৃক বাড়ির জরুরি সংস্কার কাজ সম্পন্ন করে সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাঁর স্মৃতির সঙ্গে পরিচিত হতে পারে।

চলচ্চিত্রে সুচিত্রা সেনের অভিষেক হয় ‘শেষ কোথায়’ (১৯৫২) সিনেমার মাধ্যমে। তবে অজ্ঞাত কারণে ছবিটি মুক্তি পায়নি। পরের বছর, ১৯৫৩ সালে মহানায়ক উত্তম কুমারের সঙ্গে ‘সাড়ে চুয়াত্তর’ ছবিতে অভিনয় করে তিনি দর্শকমহলে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন।

১৯৭৮ সালের পর ‘প্রণয়পাশা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে পর্দায় শেষবারের মতো দেখা দেন সুচিত্রা সেন। এরপর স্বেচ্ছায় অভিনয়জগৎ থেকে সরে গিয়ে তিনি নিজেকে সম্পূর্ণভাবে আড়াল করে নেন। দীর্ঘদিন জনচক্ষুর বাইরে থাকলেও তাঁর জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি।

বাংলা চলচ্চিত্রে অসংখ্য অভিনেতা-অভিনেত্রীর ভিড়েও সুচিত্রা সেন ছিলেন ব্যতিক্রমী এক নাম। মায়াময় মুখচ্ছবি, সংযত অভিব্যক্তি আর আবেগঘন অভিনয়ের মধ্য দিয়ে তিনি বাংলা রোমান্টিক চলচ্চিত্রের এক নতুন ধারা তৈরি করেন।

চলচ্চিত্রে পা রাখার আগেই তাঁর বিয়ে হয়েছিল—এই বাস্তবতা প্রকাশ্যে স্বীকার করেই তিনি অভিনয়ে আসেন, যা সে সময় ছিল একেবারেই ব্যতিক্রমী ঘটনা।

১৯৩১ সালের ৬ এপ্রিল তৎকালীন বৃহত্তর পাবনার সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার সেনভাঙাবাড়ি গ্রামে, নানা রজনীকান্ত সেনের বাড়িতে জন্মগ্রহণ করেন সুচিত্রা সেন। তাঁর দাদার বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলায়। শৈশব ও কৈশোরের বড় একটি সময় কেটেছে পাবনার গোপালপুর মহল্লার হিমসাগর লেনের একতলা পাকাবাড়িতে।

বাংলা চলচ্চিত্রের পাশাপাশি হিন্দি চলচ্চিত্রেও অভিনয়ের মাধ্যমে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। ২০১৪ সালের ১৭ জানুয়ারি কলকাতার বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি অভিনেত্রী। তবে পর্দার আড়ালে চলে গেলেও স্মৃতি, ভালোবাসা আর বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সুচিত্রা সেন আজও অমর।