দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে চারজন ঢাকা বিভাগের, দুজন বরিশাল বিভাগের এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে ৮৫১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫০ জনে।
বিভাগভিত্তিক হিসাবে, হামের উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত ৩৮০ জনের মৃত্যু হয়েছে। এরপর সিলেট বিভাগে ১৪৩ জন, রাজশাহীতে ৯২, ময়মনসিংহে ৭৪, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৫১, খুলনায় ৩৩ এবং রংপুর বিভাগে ১৪ জন মারা গেছেন।