ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি কটাক্ষ করে বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি তুলেছেন ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান ও লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি। সম্প্রতি এক জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। তিনি সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ওয়াইসি বলেন, ‘মোদি জি এই আওয়াজ শুনুন—তাঁকে নিয়ে যান, তাঁকে বের করে দিন। তাঁকে বাংলাদেশ পৌঁছে দিন।’
এর আগেও ওয়াইসি বাংলাদেশে ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন। গত বছরের সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে বিহারের পূর্ণিয়ায় এক নির্বাচনী সমাবেশে নরেন্দ্র মোদি অভিযোগ করেন, কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) বিহারে তথাকথিত বাংলাদেশি ‘অনুপ্রবেশকারীদের’ আশ্রয় দিচ্ছে। এর জবাবে ওয়াইসি বলেন, বিহারে কোনো বাংলাদেশি নেই—বিশেষ করে সীমাঞ্চল এলাকায়, যেখানে আগের নির্বাচনে তাঁর দল ভালো ফল করেছিল। তবে আপনার দিল্লিতে বাংলাদেশ থেকে আসা এক বোন বসে আছেন। তাঁকে বাংলাদেশে পাঠান। সীমাঞ্চল অঞ্চলে আনুন, আমরাই তাঁকে বাংলাদেশে পৌঁছে দেব!’
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ওয়াইসির এই বক্তব্যে স্পষ্টভাবেই শেখ হাসিনাকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। সেই থেকে তিনি দিল্লিতেই।