সরকার নির্ধারিত ফি আদায়কে কেন্দ্র করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে কর্তব্যরত নার্সদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় হাসপাতালের বহির্বিভাগ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজনদের কাছে নিয়ম অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধের অনুরোধ করেন নার্সরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত স্বজনরা নার্সদের ওপর হামলা চালান। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে এলে আরও দুজন আহত হন।
পরবর্তীতে হাসপাতালের অন্যান্য কর্মী ও নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, নিয়মিত দায়িত্ব পালনকালে স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস বলেন, “পেয়িং বেডের নির্ধারিত ফি চাওয়াকে কেন্দ্র করে দু’জন নার্সের ওপর হামলা চালানো হয়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাজীব হোসেন এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।”
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, “ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। আরেকজন চিকিৎসাধীন রয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”