শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

নোবিপ্রবির ইইই বিভাগে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ প্রোগ্রামে মাস্টার অব সায়েন্স ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (M.Sc. Engg. (EEE)) এবং মাস্টার অব ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (M. Engg. (EEE))—এই দুই ধরনের ডিগ্রির যেকোনো একটিতে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

নোবিপ্রবির ইইই বিভাগে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ প্রোগ্রামে মাস্টার অব সায়েন্স ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (M.Sc. Engg. (EEE)) এবং মাস্টার অব ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (M. Engg. (EEE))—এই দুই ধরনের ডিগ্রির যেকোনো একটিতে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ইইই বিভাগের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আবেদন ও ফি

বিজ্ঞপ্তি অনুযায়ী, মাস্টার্সে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে ২০ সেপ্টেম্বর ২০২৬। আবেদন গ্রহণ করা হবে ২২ অক্টোবর পর্যন্ত। এ জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা।

প্রার্থীদের অগ্রণী ব্যাংক পিএলসি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নির্ধারিত ব্যাংক হিসাবে আবেদন ফি জমা দিতে হবে। অনলাইনে ফি পরিশোধের পর এর মূল রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

ভর্তির যোগ্যতা

মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে হলে প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে।

এ ছাড়া মাধ্যমিক বা সমমান পরীক্ষায় প্রথম বিভাগ অথবা ৫.০০-এর মধ্যে জিপিএ ৪.০০ এবং উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় প্রথম বিভাগ অথবা ৫.০০-এর মধ্যে জিপিএ ৪.০০ থাকতে হবে।

M.Sc. Engg. (EEE) প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিএসসি ইঞ্জিনিয়ারিং (EEE) বা সমমানের ডিগ্রিতে প্রথম শ্রেণি অথবা ৪.০০-এর মধ্যে সিজিপিএ ৩.২৫ থাকতে হবে। অন্যদিকে M. Engg. (EEE) প্রোগ্রামের জন্য বিএসসি ইঞ্জিনিয়ারিং বা সমমানের ডিগ্রিতে দ্বিতীয় শ্রেণি অথবা ৪.০০-এর মধ্যে সিজিপিএ ২.৫০ থাকতে হবে।

নোবিপ্রবি ছাড়া অন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জনকারী প্রার্থীদের বিএসসি ইঞ্জিনিয়ারিং বা সমমানের ডিগ্রিতে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।

ভর্তি পরীক্ষা ও নির্বাচনের প্রক্রিয়া

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তি কমিটির প্রয়োজন অনুযায়ী প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হতে পারে। নোবিপ্রবি ছাড়া অন্য বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নেওয়া প্রার্থীদের ইইই বিভাগের ভর্তি কমিটির আয়োজনে ৩০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

লিখিত পরীক্ষায় ইলেকট্রিক্যাল সার্কিটস, ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যান্ড মেশিনস এবং ইলেকট্রনিক্স—এই তিনটি বিষয়ে ১০ নম্বর করে মোট ৩০ নম্বর থাকবে। এর পাশাপাশি ২০ নম্বরের মৌখিক পরীক্ষাও অনুষ্ঠিত হবে।

দেড় বছরে শেষ হবে মাস্টার্স

ইইই বিভাগের এই মাস্টার্স প্রোগ্রামের ন্যূনতম মেয়াদ নির্ধারণ করা হয়েছে দেড় বছর বা তিনটি একাডেমিক টার্ম। M.Sc. Engg. (EEE) এবং M. Engg. (EEE)—উভয় ডিগ্রির জন্যই মোট ৪৩ ক্রেডিট সম্পন্ন করতে হবে।

এর মধ্যে M.Sc. Engg. (EEE) প্রোগ্রামে থিওরি কোর্সের জন্য ২১ ক্রেডিট, থিসিস বা প্রজেক্টের জন্য ১৮ ক্রেডিট এবং সেমিনার বা ভাইভা-ভোসের জন্য ৪ ক্রেডিট রয়েছে। আর M. Engg. (EEE) প্রোগ্রামে থিওরি ৩০ ক্রেডিট, থিসিস বা প্রজেক্ট ৯ ক্রেডিট এবং সেমিনার বা ভাইভা-ভোস ৪ ক্রেডিট নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার সময়সূচি

বিজ্ঞপ্তি অনুযায়ী, লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ নভেম্বর ২০২৬ সকাল সাড়ে ১১টায়। একই দিন দুপুর ২টায় অনুষ্ঠিত হবে ভাইভা। নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৩ নভেম্বর।

ভর্তির কার্যক্রম শেষ করার শেষ তারিখ ৩০ নভেম্বর। আর নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১ ডিসেম্বর ২০২৬।

যেসব কাগজপত্র জমা দিতে হবে

আবেদনপত্রের সঙ্গে প্রার্থীদের দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে। এর সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং গ্রেড, মার্কশিট বা ট্রান্সক্রিপ্টের সত্যায়িত কপি, থিসিস বা প্রজেক্ট সুপারভাইজার চয়েস ফরম এবং সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের সত্যায়িত প্রশংসাপত্র বা চারিত্রিক সনদের কপি দিতে হবে।

আবেদন ফরম ও সুপারভাইজার চয়েস ফরম ইইই বিভাগের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। পূরণ করা আবেদনপত্র জমা দিতে হবে ইইই বিভাগ, কক্ষ নম্বর ৫২১, প্রশাসনিক ভবন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

এ ছাড়া চাকরিরত কোনো প্রার্থী নির্বাচিত হলে ভর্তির আগে নিজ নিজ নিয়োগকর্তার কাছ থেকে স্টাডি লিভ বা ডেপুটেশনের প্রমাণপত্র ভর্তি কমিটির কাছে জমা দিতে হবে।