রাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাবের নির্ধারিত কাঠামো অনুযায়ী হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে। একই সঙ্গে বর্তমান প্রশাসন দেশের সব ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে দলীয়করণের ধারাবাহিকতায় এবার রাষ্ট্রপতি নির্বাচনেও দলীয় প্রার্থী দেওয়া হয়েছে। তার অভিযোগ, প্রধানমন্ত্রী নিজেই একতরফাভাবে রাষ্ট্রপতি নির্বাচন করছেন। যেখানে ভোটারদের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নেই এবং ফলাফল আগে থেকেই নির্ধারিত থাকে, সেখানে সংশ্লিষ্টদের গণতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্যের বিষয়েও কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমান নির্বাচনব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রের দুই গুরুত্বপূর্ণ পদের মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি নিজেদের অবস্থান স্পষ্ট করতেই এনসিপি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছে বলে জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, সরকার কোনো সংস্কার না করলেও বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে। তার ভাষ্য, এর মাধ্যমে আলোচনার সুযোগ তৈরি হয়েছে, নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করা সম্ভব হয়েছে এবং রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে মানুষের মধ্যে আরও সচেতনতা তৈরি হবে।