নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি জেন-জি (Gen-Z) তরুণ এবং রাজনৈতিক দলগুলোর অব্যাহত চাপের মুখে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানান।
বক্তব্যে প্রধানমন্ত্রী কার্কি সরকারের ওপর আসা মানসিক ও রাজনৈতিক চাপের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো এবং তথাকথিত জেন-জি তরুণদের কাছ থেকে আমাদের প্রতিনিয়ত সমালোচনা ও গালাগাল সহ্য করতে হচ্ছে। তারা প্রতিদিনই সরকারের পদত্যাগ দাবি করছে। কিন্তু আমরা ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছি।”
তরুণ প্রজন্মের আন্দোলনের ধরন নিয়ে বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, “জেন-জি তরুণরা বলে—আজ ছাড়ো, কাল ছাড়ো, পরশু ছাড়ো। কিন্তু পদত্যাগ করার পর তারাই আবার আমাদের অপমান করে বলবে যে, তোমাদের সুযোগ ছিল কিন্তু তোমরা কাজ করতে পারোনি। আমরা এখন নিজেদের দোলকের মতো মনে করছি।”
প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, প্রায় ২৫ থেকে ৩০ জন জেন-জি তরুণের একেকটি দল ভিন্ন ভিন্ন দাবি নিয়ে আসছে। এর ফলে সরকারের স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটছে। তিনি বলেন, “আমরা যেখানেই যাচ্ছি, কোথাও শান্তি পাচ্ছি না।”
নেপালের স্থিতিশীলতা রক্ষার প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করে সুশীলা কার্কি বলেন, “আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে নেপালকে বাংলাদেশে পরিণত হতে দেব না। আমরা কখনোই বাংলাদেশের মতো পরিস্থিতি চাই না।” উল্লেখ্য, বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং সরকার পরিবর্তনের প্রেক্ষাপটকে উদাহরণ হিসেবে টেনে নেপালের প্রধানমন্ত্রী এই মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে। নেপালের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশটির অস্থিরতা কাটিয়ে ওঠার চেষ্টা করলেও রাজতন্ত্রের পক্ষে আন্দোলন এবং তরুণদের ক্রমবর্ধমান দাবি সরকারকে বেশ চাপে রেখেছে।