শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

বন্যায় বিধ্বস্ত চীন-নেপাল সীমান্তের ব্যস্ত বন্দর এখন ধ্বংসস্তূপ

একসময় যেখানে ছিল ব্যস্ত সীমান্তবন্দর, এখন সেখানে ধ্বংসস্তূপ আর কাদামাটি ছাড়া তেমন কিছুই অবশিষ্ট নেই। হিমবাহ ধসের পর সৃষ্ট ভয়াবহ কাদাধসে চীন-নেপাল সীমান্তের গুরুত্বপূর্ণ গিরং বন্দরটি কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। নিখোঁজ শত শত মানুষকে উদ্ধারে রোববারও সেখানে তল্লাশি চালিয়েছেন চীনা উদ্ধারকর্মীরা।

বন্যায় বিধ্বস্ত চীন-নেপাল সীমান্তের ব্যস্ত বন্দর এখন ধ্বংসস্তূপ

একসময় যেখানে ছিল ব্যস্ত সীমান্তবন্দর, এখন সেখানে ধ্বংসস্তূপ আর কাদামাটি ছাড়া তেমন কিছুই অবশিষ্ট নেই। হিমবাহ ধসের পর সৃষ্ট ভয়াবহ কাদাধসে চীন-নেপাল সীমান্তের গুরুত্বপূর্ণ গিরং বন্দরটি কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। নিখোঁজ শত শত মানুষকে উদ্ধারে রোববারও সেখানে তল্লাশি চালিয়েছেন চীনা উদ্ধারকর্মীরা।

রোববার উজ্জ্বল কমলা রঙের পোশাক পরা প্রায় ২০ জন চীনা উদ্ধারকর্মী খননযন্ত্র, কোদাল ও মাটির নিচে অনুসন্ধানকারী রাডার ব্যবহার করে ধ্বংসস্তূপে তল্লাশি চালান। ২৬ আগস্ট নেপালের অংশে একটি হিমবাহ ধসে পড়ার পর সৃষ্ট সুনামির মতো কাদাধসে চীনের তিব্বত ও নেপালকে সংযুক্ত করা গিরং সীমান্তবন্দরটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিদেশি গণমাধ্যমের জন্য আয়োজিত প্রথম সফরে রয়টার্সসহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রোববার সীমান্তবন্দরটি পরিদর্শন করে।

সরু নদীখাতের মধ্যে অবস্থিত ওই বন্দরে গিয়ে দেখা যায়, দুর্যোগের আগে সেখানে থাকা পাঁচতলা চীনা কাস্টমস ভবনটির কোনো চিহ্নই নেই। ঘটনাস্থলের ভিডিও ও ছবিতেও ভবনটির কোনো অস্তিত্ব দেখা যায়নি। ধসের আগের স্থাপনাগুলোর মধ্যে শুধু কাছাকাছি একটি পানির টাওয়ারের কিছু অংশ এখনো দৃশ্যমান রয়েছে।

যে স্থানে প্রায় ২০ মিটার উঁচু সীমান্ত ফটকটি ছিল, সেখানে এখন একটি চীনা পতাকা স্থাপন করা হয়েছে। ‘বিপজ্জনক এলাকা, দ্রুত পার হন’ লেখা সতর্কতামূলক সাইনবোর্ডের পেছনে রোববার বিকেলে প্রায় ২০ জন করে তিনটি দলে ভাগ হয়ে উদ্ধারকর্মীরা কোদাল দিয়ে মাটি সরিয়ে তল্লাশি চালান। পাশে কয়েকটি লাল রঙের খননযন্ত্রও প্রস্তুত রাখা ছিল।

জটিল উদ্ধার অভিযান

চীনা কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, পুরো অনুসন্ধান এলাকাকে সাতটি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে চারটি এলাকায় তল্লাশি শেষ হয়েছে। এখনো তিনটি এলাকায় অনুসন্ধান বাকি রয়েছে।


সীমান্তের উভয় পাশে ভয়াবহ এই কাদাধসে এক হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং পাঁচ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। শনিবার নেপালে উদ্ধারকারী দল একটি জলবিদ্যুৎকেন্দ্রের সঙ্গে সংযুক্ত একটি সুড়ঙ্গে আটকে থাকা এক চীনা কর্মীকেও জীবিত উদ্ধার করেছে।

চীনের অংশে শুক্রবার পর্যন্ত ৩১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া ৫৩১ জন এখনো নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত রয়েছেন। চীনা কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ২৩টি দেশের ২৬১ জন বিদেশিও রয়েছেন।

গিরং কাউন্টি সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে চার হাজার মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত। তবে সীমান্তবন্দরটি তুলনামূলক নিচে, প্রায় এক হাজার ৮০০ মিটার উচ্চতায়। ভূমিধসের আশঙ্কা, প্রতিকূল আবহাওয়া এবং গভীর কাদার কারণে উদ্ধার ও নিখোঁজদের সন্ধান কার্যক্রম আরও কঠিন হয়ে পড়েছে।

গিরংয়ে যাওয়ার একমাত্র সড়কপথটি বুধবার সকালে পুনরায় চালু করা সম্ভব হয়েছে। এর ফলে উদ্ধারকাজ এবং পরবর্তী পুনর্গঠনের জন্য চীন সেখানে ভারী যন্ত্রপাতি নেওয়ার সুযোগ পেয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, সাময়িক বৈদ্যুতিক খুঁটি স্থাপন করে এলাকাটির বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের কাজও চলছে।

তীর্থযাত্রীদের গুরুত্বপূর্ণ পথ

গত এক দশকে নেপাল ও তিব্বতের মধ্যে যাত্রী ও পণ্য পরিবহনের অন্যতম প্রধান সীমান্তপথে পরিণত হয়েছিল গিরং। এর পেছনে বড় কারণ ছিল ২০১৫ সালে নেপালে ভয়াবহ ভূমিকম্প। ওই ভূমিকম্পে আরও পূর্বদিকে অবস্থিত একটি বিকল্প সীমান্তপথ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।


এর আগেও হিমবাহ থেকে সৃষ্ট বন্যার কারণে গত বছরের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত গিরং বন্দর বন্ধ ছিল।

চীন থেকে নেপালে বৈদ্যুতিক গাড়িসহ বিভিন্ন পণ্য পাঠানোর গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হওয়ার পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে হাজারো হিন্দু তীর্থযাত্রীর যাতায়াতের পথ হিসেবেও গিরং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।

নেপাল হয়ে বহু হিন্দু তীর্থযাত্রী তিব্বতের কৈলাস পর্বতে যান। হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে উচ্চভূমির এই স্থানটি অত্যন্ত পবিত্র। হিন্দুদের বিশ্বাস, কৈলাস পর্বত দেবতা শিব ও তাঁর স্ত্রী পার্বতীর চিরস্থায়ী আবাস।