রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঘটেছে ভয়াবহ বাসডুবির ঘটনায় নিহতদের পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (২৫ মার্চ) অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান ও অ্যাডভোকেট জায়েদ বিন নাসের যৌথভাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, সেতু বিভাগের সচিব এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবকে এই নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, “ঘটনাটি আপাতদৃষ্টিতে দুর্ঘটনা মনে হলেও এর পেছনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ফেরিঘাট ব্যবস্থাপনা বা পরিবহন সংশ্লিষ্টদের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করা জরুরি।”
বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনে কুমারখালী–রাজবাড়ী রুটের ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় এ পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
লিগ্যাল নোটিশে আহতদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং কর্মক্ষমদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন রাষ্ট্রের দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া, সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয় করে সাত কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে; অন্যথায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ জানান, “জনস্বার্থে নোটিশটি পাঠানো হয়েছে। সময়ের স্বল্পতার কারণে প্রথমে ই-মেইলে পাঠানো হয়েছে; পরে ডাকযোগেও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।”