শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

৯/১১ হামলার ২৫ বছর: প্রযুক্তির ওপর অতিনির্ভরতাই কি নতুন দুর্বলতা?

দুই দশকের বেশি সময় ধরে নাইন-ইলেভেনের পর গড়ে ওঠা নিরাপত্তাব্যবস্থাগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায়, হামলার পর এর কেন্দ্রে ছিল বিভিন্ন সংস্থা, ব্যবস্থা ও প্রযুক্তির মধ্যে সমন্বয়। লক্ষ্য ছিল এমন একটি সমন্বিত কাঠামো তৈরি করা, যার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্থাপনাগুলোকে আরও কার্যকরভাবে সুরক্ষিত রাখা যায়।

৯/১১ হামলার ২৫ বছর: প্রযুক্তির ওপর অতিনির্ভরতাই কি নতুন দুর্বলতা?
ছিনতাই করা বিমানের আঘাতে আগুনে জ্বলছে টুইন টাওয়ারের দ্বিতীয় টাওয়ার। ১১ সেপ্টেম্বর ২০০১। ছবি: রয়টার্স

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলায় কেঁপে উঠেছিল নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার। ওই হামলার প্রভাব শুধু যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ থাকেনি; বিশ্বজুড়ে রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তাব্যবস্থায়ও বড় ধরনের পরিবর্তন আসে। বিশ্লেষকদের অনেকে চলতি শতাব্দীর বৈশ্বিক ব্যবস্থার বড় বাঁকবদলের অন্যতম কারণ হিসেবে নাইন-ইলেভেনকে বিবেচনা করেন।

নাইন-ইলেভেনের পর বিশ্বজুড়ে নিরাপত্তাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হয়। গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় যুক্ত হয় নতুন প্রযুক্তি, নজরদারি ব্যবস্থা ও নিরাপত্তার একাধিক স্তর। তবে নিরাপত্তা জোরদারের এই প্রক্রিয়ায় অনেক ক্ষেত্রেই ব্যক্তিস্বাধীনতার সীমারেখার সঙ্গেও আপস করতে হয়েছে।

হামলার ২৫ বছর পর তাই নতুন করে প্রশ্ন উঠছে—নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তির ওপর এই অতিনির্ভরতা কি উল্টো নতুন ধরনের ঝুঁকি তৈরি করছে?

দুই দশকের বেশি সময় ধরে নাইন-ইলেভেনের পর গড়ে ওঠা নিরাপত্তাব্যবস্থাগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায়, হামলার পর এর কেন্দ্রে ছিল বিভিন্ন সংস্থা, ব্যবস্থা ও প্রযুক্তির মধ্যে সমন্বয়। লক্ষ্য ছিল এমন একটি সমন্বিত কাঠামো তৈরি করা, যার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্থাপনাগুলোকে আরও কার্যকরভাবে সুরক্ষিত রাখা যায়।

তবে দীর্ঘদিনের পর্যবেক্ষণে নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, বাইরে থেকে এসব কাঠামো শক্তিশালী ও সুরক্ষিত মনে হলেও এর ভেতরে গুরুতর কিছু দুর্বলতা রয়ে গেছে। সেই দুর্বলতাগুলোই অনেক ক্ষেত্রে নতুন ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওসামা বিন লাদেনের গড়ে তোলা আল-কায়েদার সদস্যরা চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করেন। দুটি বিমান নিয়ে তারা নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে হামলা চালান। আরেকটি বিমান আছড়ে পড়ে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে। চতুর্থ বিমানটি পেনসিলভানিয়ার শ্যাংকসভিলের একটি মাঠে বিধ্বস্ত হয়। ওই হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত ও প্রায় ২৫ হাজার মানুষ আহত হন।

যুক্তরাষ্ট্রকে নাড়িয়ে দেওয়া ওই হামলার পর নিরাপত্তাব্যবস্থার ব্যাপক পর্যালোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় পরিচালিত হয় ইতিহাসের অন্যতম বিস্তৃত সন্ত্রাসী হামলার তদন্ত। এর ফল ছিল নাইন-ইলেভেন কমিশনের প্রতিবেদন।

হামলার কারণ ও পরিস্থিতি বিশ্লেষণ করে তৈরি ওই প্রতিবেদনে বলা হয়, হামলার আগের কয়েক মাসে গোয়েন্দা সংস্থাগুলো সম্ভাব্য হুমকি সম্পর্কে সতর্কসংকেত দিয়েছিল। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান এমন ধরনের হামলার সম্ভাবনাও কল্পনা করতে ব্যর্থ হয়েছিল। ফলে পাওয়া সতর্কবার্তাগুলো যথাযথভাবে শনাক্ত ও মূল্যায়ন করা সম্ভব হয়নি।

তবে কমিশনের কাজ শুধু হামলার কারণ অনুসন্ধানে সীমাবদ্ধ ছিল না। ভবিষ্যতে নিরাপত্তাব্যবস্থাকে কীভাবে নতুন করে সাজানো ও আরও কার্যকর করা যায়, সেটিও ছিল এর গুরুত্বপূর্ণ অংশ। কমিশনের সুপারিশের ভিত্তিতে নিরাপত্তার একটি নতুন মডেল তৈরি হয়, যা পরবর্তী সময়ে বিভিন্ন ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পায়।

নিরাপত্তায় প্রযুক্তির ওপর নির্ভরতা

নাইন-ইলেভেন কমিশনের সুপারিশে বিভিন্ন সংস্থা, ব্যবস্থা ও প্রযুক্তিকে একীভূত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। গোয়েন্দা তথ্য আদান-প্রদানে সমন্বয়ের এমন একটি উদাহরণ হলো যুক্তরাজ্যের জয়েন্ট টেরোরিজম অ্যানালাইসিস সেন্টার। একই সঙ্গে নিরাপত্তা কার্যক্রমের সঙ্গে প্রযুক্তির ব্যবহার আরও ঘনিষ্ঠ করা হয়।

গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় চালু হয় ‘স্তরভিত্তিক নিরাপত্তা’ ব্যবস্থা। প্রতীকী স্থাপনা, আর্থিক এলাকা, নগরকেন্দ্র, স্টেডিয়াম ও অভিজাত বিপণিবিতানে নিরাপত্তা বাড়ানো হয়। বিশেষ করে বিমানবন্দরগুলোতে গড়ে ওঠে নজিরবিহীন নিরাপত্তা অবকাঠামো।

যাত্রীদের আগাম নিরাপত্তা যাচাই, বায়োমেট্রিক নথি, পুরো শরীর স্ক্যান করার যন্ত্র, সশস্ত্র পুলিশের টহল ও নজরদারি ক্যামেরা হয়ে ওঠে আধুনিক নিরাপত্তাব্যবস্থার গুরুত্বপূর্ণ উপাদান। এ ছাড়া ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন নামে আলাদা একটি সরকারি সংস্থাও গড়ে তোলা হয়।

নাইন-ইলেভেনের পর প্রতিটি বড় হামলার পর একই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। হুমকি যে ধরনেরই হোক, সমাধান হিসেবে সামনে এসেছে আরও সমন্বয়, আরও প্রযুক্তি এবং নিরাপত্তার আরও স্তর।

কিন্তু গত ২৫ বছরে নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে এবং সন্ত্রাসবিরোধী বৈশ্বিক যুদ্ধে বিপুল অর্থ ও প্রাণ ব্যয় করার পরও প্রশ্ন রয়ে গেছে—এসব উদ্যোগ সত্যিকার অর্থে কতটা নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে?

নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, নাইন-ইলেভেনের মতো একই ধরনের হামলা আবার ঘটার সম্ভাবনা কম। তবে এমন হামলা আর কখনো ঘটবে না—এ নিশ্চয়তাও দেওয়া যায় না।

ইউনিভার্সিটি অব সাউদাম্পটনের সমাজবিজ্ঞান, সমাজনীতি ও অপরাধবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক পিট ফাসি এবং মায়নুথ ইউনিভার্সিটির সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্টের নৃবিজ্ঞানের অধ্যাপক মার্ক ম্যাগুয়ের দীর্ঘদিন ধরে বৈশ্বিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে গবেষণা করছেন।

‘দ্য এম্পটি ওয়াচটাওয়ার: কাউন্টারটেরোরিজম আফটার ৯/১১’ বইয়ে তারা দুই দশকের মাঠপর্যায়ের গবেষণার অভিজ্ঞতা তুলে ধরেছেন। পাঁচটি পৃথক ঘটনা নিয়ে গবেষণা করে তারা এমন নিরাপত্তাব্যবস্থার সন্ধান পেয়েছেন, যেগুলো ব্যয়বহুল হলেও সমন্বয়ের দিক থেকে দুর্বল এবং নানা ফাঁকফোকরে ভরা। বাইরে থেকে শক্তিশালী মনে হলেও এসব ব্যবস্থার মধ্যে গুরুতর ব্যর্থতার ঝুঁকি রয়েছে।

গবেষণার অংশ হিসেবে তারা বিভিন্ন সুরক্ষিত স্থাপনা ও মনিটরিং কন্ট্রোল রুম পরিদর্শন করেছেন। বিমানবন্দর, শহর ও বড় ক্রীড়া আয়োজনগুলোতে বায়োমেট্রিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন। একাধিক দেশে সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণ কর্মসূচিতেও অংশ নিয়েছেন। সাম্প্রতিক সময়ে ইউরোপের কয়েকটি দেশে বিশেষায়িত নজরদারি ইউনিটের সঙ্গে থেকে নৃতাত্ত্বিক গবেষণাও করেছেন।

উন্নত নজরদারির বাস্তব চিত্র

নাইন-ইলেভেনের পর নিরাপত্তা জোরদারে দ্রুত কিছু করার তাগিদ তৈরি হয়। অনিশ্চিত ও ভয়াবহ সম্ভাবনার মধ্যে নিশ্চিতভাবে কিছু করার চেষ্টা শুরু হয়। আন্তর্জাতিক বিমানবন্দরগুলো নতুন ধরনের সীমান্তে পরিণত হয় এবং নজরদারির নতুন ব্যবস্থা পরীক্ষার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে ওঠে।

সম্ভাব্য শত্রুভাবাপন্ন ব্যক্তিদের শনাক্ত করতে প্রযুক্তিবিদেরা নানা অত্যাধুনিক প্রযুক্তির প্রস্তাব দেন। একই সঙ্গে আইন মেনে চলা যাত্রীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত রাখার বিষয়টিও গুরুত্ব পায়।

তবে অধ্যাপক ফাসি ও অধ্যাপক ম্যাগুয়ের তাদের পাঁচটি গবেষণার অভিজ্ঞতায় দেখিয়েছেন, বাস্তব চিত্র অনেকটাই ভিন্ন। তারা এমন নিরাপত্তাকর্মী পেয়েছেন, যারা নিজেরা পরিচালনা করা প্রযুক্তিগত ব্যবস্থাগুলোও ঠিকমতো বোঝেন না। কোথাও নজরদারি ক্যামেরা ভুল দিকে তাক করা ছিল। কোথাও কর্মীদের মনোবল কমে গিয়েছিল। এমনকি একটি জায়গায় সংকট ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণকক্ষ মালামাল রাখার কাজে ব্যবহার করা হচ্ছিল।

গত কয়েক দশকে নিরাপত্তা খাতে কর্মীদের আচরণ শনাক্ত করার প্রশিক্ষণের ওপরও গুরুত্ব বেড়েছে। শরীরের নড়াচড়া বা মুখের অভিব্যক্তি পর্যবেক্ষণ করে সম্ভাব্য হামলার আগাম লক্ষণ শনাক্ত করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

ইউরোপের কয়েকটি দেশের রাজধানীতে এই দুই অধ্যাপক কয়েক মাস গোপন নজরদারি দলের সঙ্গে থেকে তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন। বিভিন্ন দেশে এসব দল দক্ষতার সঙ্গে কাজ করলেও প্রশ্ন হলো—সেই দক্ষতার মানদণ্ডই বা কী?

দুই অধ্যাপক বলছেন, সন্ত্রাসবাদ সৌভাগ্যক্রমে একটি বিরল ঘটনা। তবে সন্ত্রাসবিরোধী যুদ্ধের কারণে অস্থিতিশীল হয়ে পড়া দেশগুলোতে এর মাত্রা বেশি। ফলে খুবই বিরল কোনো হামলা না ঘটাকে ভিত্তি করে এসব নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা যাচাই করা কঠিন।

এ কারণে সম্ভাব্য হুমকির অনেক লক্ষণই ভিড়ের মধ্যে থাকা মানুষের স্বাভাবিক মানসিক চাপ, ক্লান্তি কিংবা শারীরিক সমস্যার প্রকাশ হতে পারে। অথচ উন্নত আচরণ শনাক্তকরণ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাগুলো অনেক সময় সাধারণ মানুষকেও এমনভাবে পর্যবেক্ষণ করেছে, যেন তাদের লুকানোর মতো কিছু রয়েছে।

অস্ট্রেলীয় গণমাধ্যম দ্য কনভারসেশনে প্রকাশিত এক বিশ্লেষণে অধ্যাপক ফাসি ও অধ্যাপক ম্যাগুয়ের বলেন, সন্ত্রাসবিরোধী পুলিশের ব্যাপক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং পর্যাপ্ত নজরদারির অভাবে কখনো কখনো কোনো আইন না ভাঙা ঝুঁকিপূর্ণ মানুষের ওপর রাষ্ট্রের পুরো শক্তি প্রয়োগ করা হয়েছে। একই সঙ্গে নাইন-ইলেভেনের পর চালু হওয়া অনেক নতুন পুলিশি কৌশল প্রযুক্তিনির্ভর ব্যবস্থার সঙ্গে যথাযথভাবে সমন্বিত ছিল না।

কখনো কখনো প্রযুক্তি ও পুলিশি কৌশলের এই সমন্বয় পুরো একটি জনগোষ্ঠীকে নজরদারির আওতায় এনেছে। এর একটি উদাহরণ ২০১১ সালে পরিত্যক্ত প্রজেক্ট চ্যাম্পিয়ন। ওই প্রকল্পের আওতায় বার্মিংহামের প্রধানত মুসলিম অধ্যুষিত এলাকায় শত শত ক্যামেরা স্থাপন করা হয়েছিল।

নিরাপত্তার আড়ালে লুকানো ঝুঁকি

যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো দেশে সন্ত্রাসবিরোধী নজরদারি তালিকায় থাকা মানুষের সংখ্যা ও বৈচিত্র্য সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে প্রতিটি সন্ত্রাসী নেটওয়ার্ক শনাক্ত করা বা প্রতিটি হামলা ঠেকাতে শুধু গোয়েন্দা সংস্থার ওপর নির্ভর করা সম্ভব নয়।

এর পরিবর্তে প্রযুক্তি ও পুলিশি কৌশলের একাধিক স্তর নিয়ে গড়ে ওঠা নিরাপত্তাব্যবস্থার ওপর নির্ভরতা বেড়েছে। কিন্তু দুই অধ্যাপক তাদের পর্যবেক্ষণ ও বিশ্লেষণে বলছেন, এ ধরনের নিরাপত্তাব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতা দেখা দিতে পারে প্রযুক্তি ও মানবিক ব্যবস্থার সংযোগস্থলে।

২০১৬ সালের ব্রাসেলস বিমানবন্দরে হামলাসহ সাম্প্রতিক সময়ের কয়েকটি বড় হামলা পর্যালোচনায় দেখা যায়, সফল সন্ত্রাসী হামলাগুলো অনেক সময় প্রযুক্তি ও মানবিক ব্যবস্থার সমন্বয়ের জায়গাগুলোকেই আঘাত করে ঘটেছে। এতে নিরাপত্তার বিভিন্ন স্তরের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি হয় এবং শেষ পর্যন্ত পুরো ব্যবস্থায় অস্থিতিশীলতা ও ধস নামতে পারে।

প্রযুক্তি ও সাংগঠনিক ব্যবস্থার এই সংযোগ নিরাপত্তা কার্যক্রমের সাফল্য ও ব্যর্থতা—দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। কিন্তু এই দুই উপাদানের প্রতিটিতেই দুর্বলতা রয়েছে। অধ্যাপক ফাসি ও অধ্যাপক ম্যাগুয়েরের অন্য গবেষণাতেও উঠে এসেছে, নিরাপত্তা প্রযুক্তির সক্ষমতাকে প্রায়ই অতিরঞ্জিত করে দেখানো হয়। প্রযুক্তির সম্ভাব্য সুবিধাগুলো ধরে নেওয়া হলেও এর ব্যর্থতাগুলো প্রায়ই উপেক্ষা করা হয়।

এর উদাহরণ হিসেবে চেহারা শনাক্ত করার প্রযুক্তির কথা বলা যায়, যার পরীক্ষার ফলাফল অনেক ক্ষেত্রেই গ্রহণযোগ্য নয়। কর্মীহীন নিয়ন্ত্রণকক্ষ কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি কাল্পনিক ‘গোয়েন্দা তথ্যে’র মতো বাস্তব উদাহরণও প্রযুক্তির ওপর সমালোচনাহীন বিশ্বাসের চিত্র তুলে ধরে।

গত আড়াই দশকে যেসব নিরাপত্তাব্যবস্থাকে সবচেয়ে সফল হিসেবে দেখা গেছে, সেগুলো মূলত নির্ভর করেছে নির্দিষ্ট কিছু মানুষের উদ্যোগ, দক্ষতা ও কাজের প্রতি আগ্রহের ওপর। অর্থাৎ শুধু প্রযুক্তি বা নিরাপত্তার স্তর বাড়ালেই সাফল্য নিশ্চিত হয় না; সেগুলো পরিচালনার জন্য দক্ষ ও দায়িত্বশীল মানুষের ভূমিকাও গুরুত্বপূর্ণ।

নাইন-ইলেভেন কমিশনের প্রতিবেদনে আরেকটি প্রবণতার কথা উঠে এসেছিল, সন্ত্রাসী হামলার পরবর্তী প্রতিক্রিয়াতেও যার পুনরাবৃত্তি দেখা গেছে। প্রতিবারই আরও প্রযুক্তি এবং আরও ভালো সমন্বয়ের দাবি উঠেছে।

অধ্যাপক ফাসি ও অধ্যাপক ম্যাগুয়ের বলছেন, প্রক্রিয়াগত ব্যর্থতা বা কোনো প্রযুক্তি না থাকার কারণে কোনো সমস্যা দেখা দিলে সেটি শনাক্ত করা তুলনামূলক সহজ। কিন্তু কোনো সিস্টেমকে শক্তিশালী ও বিস্তৃত করার ক্ষেত্রে প্রায়ই এমন কিছু সংশোধনের প্রস্তাব দেওয়া হয়, যা শুরু থেকেই ওই সিস্টেমে সমস্যার কারণ হিসেবে রয়ে গেছে। ফলে সিস্টেমকে আরও শক্তিশালী করার চেষ্টাই কখনো কখনো সমস্যাটিকে আরও জটিল করে তোলে।

প্রযুক্তির ওপর অতিনির্ভরতার এই প্রবণতা তাই নিরাপত্তাব্যবস্থার একটি নতুন দুর্বলতাকেই সামনে নিয়ে আসছে—প্রযুক্তি যতই উন্নত হোক, তার কার্যকারিতা শেষ পর্যন্ত নির্ভর করে মানুষ, প্রতিষ্ঠান ও ব্যবস্থার মধ্যে কতটা কার্যকর সমন্বয় তৈরি করা যাচ্ছে তার ওপর।

অস্ট্রেলীয় গণমাধ্যম দ্য কনভারসেশনে অধ্যাপক পিট ফাস ও অধ্যাপক মার্ক ম্যাগুয়েরের লেখা নিবন্ধ অবলম্বনে