সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিকে গণমানুষের স্বপ্ন ও শহীদদের রক্তের আকাঙ্ক্ষা হিসেবে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তাঁর মতে, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে জনগণের প্রত্যাশা হলো—নির্বাচনের মধ্য দিয়ে একটি সত্যিকার গণতান্ত্রিক ও রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা।
শুক্রবার (২ জানুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষের মনোনীত এই প্রার্থী।
সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য মুখিয়ে রয়েছে। তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাইকে সক্রিয় থাকতে হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনী মাঠে সবার জন্য সমান লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনারকে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নিতে একদিনের সফরে কক্সবাজারে যান সালাহউদ্দিন আহমদ। শুক্রবার দুপুর সোয়া ১টায় তিনি ঢাকা থেকে বিমানে কক্সবাজার পৌঁছান।
কক্সবাজারে পৌঁছে তিনি শহরের নুনিয়ারছড়া এলাকায় একটি স্থানীয় মসজিদে দলীয় নেতাকর্মীদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন। পরে সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দৈনিক আমার দেশ-এর কক্সবাজারের স্টাফ রিপোর্টার আনসার হোসেনের শিশু সন্তান রিতাজ হোসেনের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে তিনি মরহুমের বাসায় গিয়ে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।
মধ্যাহ্নভোজ শেষে তিনি জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নেন। যাচাই-বাছাইয়ের প্রথম দিনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের প্রার্থীদের মনোনয়ন পরীক্ষা করা হয়।
কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া পাঁচজন প্রার্থীর মধ্যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী সরওয়ার আলম কুতুবী এবং স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। ফলে এই আসনে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পায়।
বৈধ প্রার্থীরা হলেন—বিএনপির সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর কক্সবাজার শহর শাখার আমির আব্দুল্লাহ আল ফারুক এবং গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুল কাদের।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সালাহউদ্দিন আহমদ পেকুয়ায় নিজ বাসভবনের উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন।