নওগাঁর নিয়ামতপুরে জামায়াতে ইসলামী দলের আদর্শে প্রভাবিত হয়ে পাঁচ হিন্দু যুবক দলটিতে যোগ দিয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গুজিশহর উচ্চ বিদ্যালয় মাঠে বাহাদুরপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত নির্বাচনি সভায় তারা আনুষ্ঠানিকভাবে দলের সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণা দেন।
জামায়াতে ইসলামীতে নতুন যোগ দেওয়া যুবকদের হাতে মালা পরিয়ে বরণ করেন নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম। দলে যোগ দেওয়া যুবকদের মধ্যে রয়েছেন শ্রীমন্তপুর ইউনিয়নের গোল স্কুল পাড়া গ্রামের শ্রী কালিদাস, শ্রী শুভ, শ্রী খলিল, শ্রী সজিব রায় এবং শ্রী রাজকুমার।
জামায়াতে ইসলামীতে যোগদানের পর শ্রী রাজকুমার বলেন, "বাংলাদেশে বর্তমানে অনেক রাজনৈতিক দল আছে, তবে জামায়াতের আদর্শ আমাকে বেশি অনুপ্রাণিত করেছে। তাদের বক্তব্য ও কাজের সঙ্গে আমি মিল খুঁজে পেয়েছি, এজন্য দলে যোগ দিয়েছি। আমি এই দলের সঙ্গে রাজনীতি করতে চাই।"
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, "আগামীর বাংলাদেশে বিভাজনের রাজনীতি থাকবে না। সবাইকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করা হবে। জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে অনেকেই বর্তমানে দলের সঙ্গে যুক্ত হচ্ছেন। ৫ আগস্টের পর থেকে মানুষ পরিবর্তন চাইছে, এবং সেই পরিবর্তন জামায়াতের হাত ধরেই দেখা যাবে ইনশাআল্লাহ।"
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির যুব বিভাগের যুগ্ম সদস্যসচিব নিশাদ আহমেদ, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা নওশাদ আলী, নিয়ামতপুর উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন, নওগাঁ অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য এস এম জুবায়ের, নিয়ামতপুর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবু তাহেরসহ অন্যান্য নেতাকর্মীরা।