নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি দোকানের সামনে ধূমপান করাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে।
এতে স্থানীয় ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ অন্তত চৌদ্দ জন গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষ চলাকালে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
উপজেলার সোনাপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে গত শুক্রবার দিনভর দফায় দফায় এই সহিংসতা ও হামলার ঘটনা ঘটে।
গোলাগুলিতে জখম হওয়া ব্যক্তিরা হলেন— মোহাম্মদ ইমাম, আশিক, নাহিদ, নাঈমুল হাসান, আকাশ, ফিরোজ, ফয়েজ, ইমাম, সোহেল, কামরুল, আব্দুর রহমান, ফরাদ, রাসেল এবং মনির হোসেন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজধানী ঢাকাসহ স্থানীয় বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ, র্যাব এবং ডিবি পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও গোটা এলাকায় এখনো তীব্র আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
ক্ষতিগ্রস্ত স্থানীয় ব্যবসায়ীদের বিবরণ অনুযায়ী, ঘটনার সূত্রপাত হয় গত বৃহস্পতিবার সকালে। দেওটি ইউনিয়নের পালপাড়া গ্রামের বাসিন্দা ও ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত রেদওয়ানের সাথে নোয়াগাঁও গ্রামের ছাত্রদল নেতা আশিকের সিগারেট খাওয়া নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এই ঘটনার জের ধরে পালপাড়া ও নোয়াগাঁও গ্রামের বাসিন্দাদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরদিন শুক্রবার তিন দফায় সশস্ত্র হামলা ও সংঘাতের রূপ নেয় এই বিরোধ। ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে চলা পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে, যার নেতৃত্ব দিয়েছেন স্থানীয় ছাত্রলীগ কর্মী রেদওয়ান, মামুন ও বিজয় নামের তিন যুবক।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, সহিংসতা এড়াতে পুরো এলাকায় বাড়তি নজরদারি রাখা হয়েছে। সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নারগিছ আক্তার জানান, একটি সামান্য বিষয়কে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও গোয়েন্দা পুলিশ সার্বক্ষণিক কাজ করছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই সহিংসতার ঘটনায় ইতিমধ্যে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও প্রায় ১৫০ জনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান চলছে এবং খুব দ্রুতই জড়িতদের গ্রেপ্তার করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।