নরসিংদীর পলাশে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে জেলা প্রশাসন। এই ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে মোট ৬০ হাজার টাকা আর্থিক দণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মূলপাড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিয়মিত প্রশাসনিক তদারকির অংশ হিসেবে বৃহস্পতিবার রাত ১২টার দিকে জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কলিমুল্লাহর নেতৃত্বে মূলপাড়া এলাকার নূর নাবিলা সাইজিং মিলে এই যৌথ অভিযান চালানো হয়। তল্লাশিকালে মিলের ভেতরে বেআইনিভাবে জমিয়ে রাখা বিপুল পরিমাণ ডিজেল পাওয়া যায়। লাইসেন্স বা বৈধ অনুমোদন ছাড়া জ্বালানি তেল মজুদ করার অপরাধে নূর নাবিলা প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী জহিরুল ইসলামকে ৫০ হাজার টাকা এবং কমল হাসান নামের অন্য এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করেন।
অভিযানে উদ্ধার হওয়া ৯ হাজার লিটার ডিজেল জব্দ করার পর তা দ্রুত মাধবদীর ভগিরতপুর এলাকার এম কে সিএনজি ফিলিং স্টেশনের কাছে সরকারি দরে বিক্রি করে দেওয়া হয়। বিক্রয়লব্ধ মোট ৮ লাখ ৪৭ হাজার ৫১০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ সংবাদমাধ্যমকে জানান, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা এবং জনস্বার্থ রক্ষায় এই ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও সতর্ক করে বলেন, ভবিষ্যতে অবৈধ মজুদদারদের বিরুদ্ধে প্রশাসনের এমন তদারকি ও অভিযান নিয়মিত চলমান থাকবে।