বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

নতুন একটি উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র মোকামতলা বন্দরকে জেলার ১৩তম উপজেলা হিসেবে রূপান্তরের কার্যক্রম চূড়ান্ত ধাপে পৌঁছেছে ।

নতুন একটি উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ
ছবিঃ সংগৃহীত

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র মোকামতলা বন্দরকে জেলার ১৩তম উপজেলা হিসেবে রূপান্তরের কার্যক্রম চূড়ান্ত ধাপে পৌঁছেছে । প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) প্রাক-প্রস্তুতি সভায় এই নতুন উপজেলা গঠনের প্রস্তাবটি এরই মধ্যে অনুমোদন পেয়েছে। ফলে এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা মাত্র।

গত ১৩ এপ্রিল সোমবার বগুড়া সফরকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পাশাপাশি মোকামতলা উপজেলা গঠনের প্রস্তাবটিও গুরুত্বের সাথে বিবেচনা করে সায় দেওয়া হয়েছে। তবে সরকারি গেজেট প্রকাশ ও দাপ্তরিক কাঠামো প্রস্তুত করার প্রক্রিয়া বাকি থাকায় কার্যক্রম এখনো পুরোদমে শুরু হয়নি। সংশ্লিষ্ট সূত্র মতে, আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই মোকামতলা পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে আত্মপ্রকাশ করবে।

মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ এপ্রিল অনুষ্ঠিত প্রাক-নিকার সচিব কমিটির সভায় আটটি গুরুত্বপূর্ণ প্রস্তাবের মধ্যে মোকামতলা উপজেলা গঠনের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল এবং সেখানে তা গৃহীত হয়। শিবগঞ্জ উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, নতুন এই উপজেলার অধীনে পাঁচটি ইউনিয়ন অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইউনিয়নগুলো হলো— মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা এবং শিবগঞ্জ সদর। প্রস্তাবিত এই প্রশাসনিক এলাকার আয়তন ধরা হয়েছে প্রায় ১২৮ দশমিক ৭৪ বর্গকিলোমিটার, যেখানে আনুমানিক দেড় লাখ মানুষের বসবাস থাকবে।

উপজেলা গঠনের এই উদ্যোগ নিয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব জানান, বর্তমানে পাঁচটি ইউনিয়ন নিয়ে যাত্রা শুরু হলেও ভবিষ্যৎ প্রয়োজনে পার্শ্ববর্তী এলাকাগুলো সমন্বয় করে এর সীমানা বৃদ্ধির সুযোগ রয়েছে। প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরও যোগ করেন, উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন বা কমপ্লেক্স স্থাপনের স্থান নিয়ে স্থানীয় পর্যায়ে কিছুটা মতপার্থক্য থাকলেও তা আলোচনার মাধ্যমে দ্রুতই সমাধান করা হবে।

দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে চলা এই দাবি পূরণ হতে চলায় আনন্দিত স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। মোকামতলা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ জানান, ১৯৮১ সাল থেকে এই বন্দরকে উপজেলা করার আবেদন জানানো হলেও এতকাল তা বাস্তবায়িত হয়নি। বর্তমান সরকারের এই পদক্ষেপে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। উল্লেখ্য, চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি স্থানীয় বাসিন্দা আতিকুর রহমানের পক্ষ থেকে পাঁচটি ইউনিয়ন সম্বলিত এই প্রস্তাবটি স্থানীয় সরকার বিভাগে পেশ করা হয়েছিল। এর আগে ২০০২ সালে সবশেষ মাঝিড়া ইউনিয়নকে কেন্দ্র করে শাজাহানপুর উপজেলা গঠিত হয়েছিল।