ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শুরু হওয়া অনশন কর্মসূচি প্রত্যাহার করছেন না প্রখ্যাত শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক। তার এমন সিদ্ধান্তের পর প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি।
বুধবার বিকেলে প্রদত্ত এক বিজ্ঞপ্তিতে ওয়াংচুক উল্লেখ করেন, ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা তাকে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের স্বজনদের পাশে দাঁড়ানো এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি বিবেচনা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
তবে স্বাস্থ্যমন্ত্রীর সেই আশ্বাসে সোনাম ওয়াংচুকের অনশন স্থগিত কিংবা ককরোচ জনতা পার্টির বিক্ষোভ সাময়িকভাবে বন্ধ করার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
বরং গত সোমবারের 'সংসদ অভিযান' কর্মসূচির পর বুধবার অপরাহ্ণেও দিল্লির যন্তর মন্তরে শতাধিক আন্দোলনকারীকে অবস্থান নিতে দেখা গেছে। চরম দাবদাহ, আর্দ্রতা এবং দফায় দফায় বৃষ্টিকে উপেক্ষা করেই তরুণ শিক্ষার্থীসহ সাধারণ বিক্ষোভকারীরা নানা স্লোগান ও প্ল্যাকার্ড হাতে মঞ্চের সামনে সমবেত হচ্ছেন।
প্রতিবাদস্থলে অবস্থানকারীদের রসদ ও দরকারি সামগ্রী যোগাতে দেশের দূরদূরান্ত থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বিভিন্ন অ্যাপভিত্তিক ফুড ডেলিভারি সেবা ব্যবহার করছেন। একইসঙ্গে সাহায্য নিয়ে এগিয়ে এসেছে একাধিক দাতব্য সংস্থা।
অন্যদিকে, এই উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সরকারের পক্ষ থেকেও নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকা ২০ কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীকে জরুরি ভিত্তিতে বিমানে করে দিল্লিতে উড়িয়ে আনা হয়েছে। তাছাড়াও সাধারণ মানুষের যাতায়াত সীমিত করতে বুধবারও দিল্লি মেট্রোর বেশ কয়েকটি স্টেশন বন্ধ রাখা হয়।
তবে মঙ্গলবার রাত পর্যন্ত সরকারের অবস্থানে বিশেষ কোনো নমনীয়তা দেখা যায়নি, যা রাত ১০টা ৫১ মিনিটে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সামাজিক মাধ্যম এক্স-এর একটি বার্তা থেকে পরিষ্কার হয়ে যায়।
উল্লেখ্য, নিখিল ভারত ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা 'নিট'-এর প্রশ্ন ফাঁস হওয়া এবং সেই ঘটনায় অন্তত ২০ জন শিক্ষার্থীর জীবনাবসানের প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই আন্দোলন গড়ে ওঠে।