লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানের কঠোর সমালোচনা ও পাল্টা বাক্যযুদ্ধে জড়ালেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় খাজা আসিফ ইসরায়েলের তীব্র নিন্দা জানানোর পর নেতানিয়াহু একে অত্যন্ত ভয়াবহ মন্তব্য বলে আখ্যা দিয়েছেন।
ঘটনার সূত্রপাত গত ৮ এপ্রিল রাতে যখন লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৫৪ জন প্রাণ হারান এবং এক হাজার একশ’র বেশি মানুষ আহত হন। হতাহতদের একটি বড় অংশই সাধারণ বেসামরিক নাগরিক বলে জানা গেছে। এই পৈশাচিক হামলার প্রতিবাদে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ উগরে দেন। তিনি তার পোস্টে ইসরায়েলকে মানবতার জন্য অভিশাপ হিসেবে চিহ্নিত করে বলেন, একদিকে যখন ইসলামাবাদে শান্তি আলোচনার পরিবেশ তৈরি হচ্ছে, অন্যদিকে তখন লেবাননে সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। গাজা ও ইরানের পর এখন লেবাননেও রক্তপাত চলছে উল্লেখ করে তিনি এই রাষ্ট্র সৃষ্টির নেপথ্যে থাকা শক্তিগুলোর কঠোর সমালোচনা করেন।
খাজা আসিফের এমন মন্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়া দিতে দেরি করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি এক বার্তায় উল্লেখ করেন, পাকিস্তানের একজন মন্ত্রীর কাছ থেকে ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করার এমন ডাক আসা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে যারা নিজেদের শান্তির মধ্যস্থতাকারী হিসেবে দাবি করে, তাদের পক্ষ থেকে এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন।
একই ইস্যুতে সরব হয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’র। তিনি খাজা আসিফের বক্তব্যকে সরাসরি ইহুদি-বিদ্বেষী হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, শান্তি স্থাপনের দাবিদার একটি দেশের সরকারের কাছ থেকে এই ধরণের উস্কানিমূলক কথা অত্যন্ত গুরুতর বিষয়। ইসরায়েলকে একটি নির্দিষ্ট ব্যাধির সাথে তুলনা করা মূলত এই রাষ্ট্রকে নিশ্চিহ্ন করার শামিল। তিনি আরও হুঁশিয়ারি দেন যে, যারা ইসরায়েলকে ধ্বংস করতে চায়, তাদের হাত থেকে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে দেশটি সব সময় প্রস্তুত থাকবে। মূলত লেবানন ইস্যু নিয়ে দুই দেশের উচ্চপর্যায়ের নেতাদের এই পাল্টাপাল্টি অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।