ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটোয়ারীকে প্রার্থী করেছে দলটি।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দলীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রার্থীদের নাম ঘোষণা করেন। সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা অংশ নেন।
মতবিনিময় সভায় নাহিদ ইসলাম সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী খোঁজা, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যাগুলো চিহ্নিত করা এবং জুলাইয়ের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার বিষয়ে নির্দেশনা দেন। পাশাপাশি পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার ওপর কঠোর নজরদারি রাখার নির্দেশও দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের এনসিপি সমর্থিত সম্ভাব্য মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও নাসীরুদ্দীন পাটোয়ারী। আরও ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।