পঞ্চগড়ে মোটরসাইকেলের পেছনে বিশেষ বক্সে করে পাচারের সময় প্রায় ৫০ লিটার পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ধাক্কামারা এলাকার মডার্ন কিন্ডারগার্টেন স্কুলের সামনে এই অভিযান চালানো হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত চালক মোটরসাইকেলটি ফেলে রেখে পালিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের 'সুবহানাকা ফিলিং স্টেশন' থেকে একটি অসাধু চক্র নিয়মিত জ্বালানি তেল সংগ্রহ করে খোলা বাজারে চড়া দামে বিক্রি করে আসছিল। বিষয়টি সাধারণের নজর এড়াতে তারা মোটরসাইকেলের পেছনে কোম্পানির ডেলিভারি বক্সের মতো বিশেষ কাঠামো তৈরি করে তেল পরিবহন করত। হাবিবুর রহমান নামে এক স্থানীয় ব্যক্তির সন্দেহ হলে তিনি চক্রটির ওপর নজরদারি শুরু করেন। আজ দুপুরে একইভাবে তেল নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় তিনি মোটরসাইকেলটি আটক করেন। পরে বক্স খুলে তিনটি জারকিনে রাখা প্রায় ৫০ লিটার পেট্রোল পাওয়া যায়।
খবর পেয়ে খিলগাঁও থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে অবৈধভাবে পরিবহন করা তেল ও মোটরসাইকেলটি নিজেদের হেফাজতে নেন। জব্দকৃত এই পেট্রোল পরবর্তীতে শহরের একটি ফিলিং স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং সেখানে সরকারি নির্ধারিত মূল্যে সাধারণ গ্রাহকদের মাঝে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযান প্রসঙ্গে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা জানান, স্থানীয় বাসিন্দা ও শ্রমিক নেতাদের সহযোগিতায় আনুমানিক ৫০ লিটার অবৈধ পেট্রোল আটক করা হয়েছে। অভিযুক্ত চালক পলাতক থাকলেও যানবাহন ও তেল জব্দ করা হয়েছে। বৈধ কাগজপত্র ও ফুয়েল কার্ডধারী গ্রাহকদের মাঝে এই তেল বণ্টন করা হচ্ছে। প্রাথমিক তথ্যানুযায়ী, এই তেল বোদার একটি পাম্প থেকে সংগ্রহ করা হয়েছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।