নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই নতুন করে ষড়যন্ত্রের আশঙ্কা দেখছেন যুবদলের কেন্দ্রীয় নেতৃত্ব। প্রবাসীদের জন্য চালু করা পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীককে ভাঁজের মাঝখানে রেখে বিভ্রান্তি তৈরির ঘটনাকেও একটি সুপরিকল্পিত চক্রান্তের অংশ বলে মনে করছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না। তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি কুচক্রী মহল নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব অপচেষ্টা মোকাবিলায় যুবদল সর্বাত্মকভাবে প্রস্তুত বলেও জানান তিনি।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে যুবদলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোনায়েম মুন্না।
তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করতে তারেক রহমান ইতোমধ্যেই বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করেছেন। ফ্যাসিস্ট সরকার যেভাবে দেশের বিভিন্ন খাতকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, সেই অবস্থা থেকে উত্তরণ কঠিন হলেও অসম্ভব নয়। তরুণ সমাজকে সামনে রেখে সাম্যের ভিত্তিতে একটি মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।
মোনায়েম মুন্না উল্লেখ করেন, জুলাই আন্দোলন শুরু হওয়ার পর সেটিকে বেগবান করে চূড়ান্ত সাফল্যের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারেক রহমান। ছাত্র-জনতার পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের লাখ লাখ নেতাকর্মীকে সুপরিকল্পিতভাবে সরকার পতনের এক দফা আন্দোলনে সম্পৃক্ত করা হয়। এ আন্দোলনে যুবদলের প্রতিটি ইউনিটের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তিনি বলেন, বিএনপি সবসময় সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে, যা দলের শীর্ষ নেতারা তাদের বক্তব্যে বারবার স্পষ্ট করেছেন।
রাজশাহী বিভাগের যুবদলের নয়টি ইউনিটের নেতাদের অংশগ্রহণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ হিমেল রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।