শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

রূপপুরে প্রথম ইউনিটে বিক্রিয়া শুরুর অনুমোদন, ডিসেম্বরে বিদ্যুতের আশা

প্রকল্পসংশ্লিষ্টরা জানান, প্রথম ইউনিটের স্বয়ংক্রিয় চাপ প্রশমন সেফটি ভালভ (পিওআরভি/পিওএসভি) নিয়ে প্রযুক্তিগত জটিলতার কারণে ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’র অনুমোদন পেতে দেরি হয়। পরে রাশিয়া থেকে আসা উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে সমস্যাটি সমাধান করে। এরপর প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষায়ও সফলতা আসে। এসব পরীক্ষার ফলের ভিত্তিতেই বায়রা ক্রিটিক্যালিটি শুরুর অনুমোদন দিয়েছে।

রূপপুরে প্রথম ইউনিটে বিক্রিয়া শুরুর অনুমোদন, ডিসেম্বরে বিদ্যুতের আশা

দীর্ঘ অপেক্ষার পর পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’ বা নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া শুরুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়রা)। এ অনুমোদনের ফলে কেন্দ্রটির প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী ডিসেম্বরের শেষ দিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) অনুমোদন পাওয়ার পর রূপপুরের প্রথম ইউনিট স্থির অবস্থা থেকে সক্রিয় অপারেশনাল পর্যায়ে প্রবেশ করল। তবে জাতীয় গ্রিডে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের আগে আরও দুটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক অনুমোদন নিতে হবে।

বিষয়টি নিশ্চিত করে বায়রা চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, গ্রিডে বিদ্যুৎ দেওয়ার আগে প্রয়োজনীয় আরও দুটি অনুমোদন নিতে হবে।

প্রকল্পসংশ্লিষ্টরা জানান, প্রথম ইউনিটের স্বয়ংক্রিয় চাপ প্রশমন সেফটি ভালভ (পিওআরভি/পিওএসভি) নিয়ে প্রযুক্তিগত জটিলতার কারণে ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’র অনুমোদন পেতে দেরি হয়। পরে রাশিয়া থেকে আসা উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে সমস্যাটি সমাধান করে। এরপর প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষায়ও সফলতা আসে। এসব পরীক্ষার ফলের ভিত্তিতেই বায়রা ক্রিটিক্যালিটি শুরুর অনুমোদন দিয়েছে।

ফিজিক্যাল স্টার্ট-আপ থেকে পাওয়ার স্টার্ট-আপ

‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’ অনুমোদনের পর রিঅ্যাক্টরে প্রথমবারের মতো নিয়ন্ত্রিত ও আত্মনির্ভরশীল পারমাণবিক ফিশন শৃঙ্খল বিক্রিয়া (Chain Reaction) শুরু হবে। ফিজিক্যাল স্টার্ট-আপের এই ধাপ সফল হলে প্রকল্পটি ‘পাওয়ার স্টার্ট-আপ’ পর্যায়ে যাবে।

এই পর্যায়ে রিঅ্যাক্টরের তাপীয় ক্ষমতা ধীরে ধীরে বাড়ানো হবে। শুরুতে প্রায় ৩ শতাংশ ক্ষমতায় চালানোর পর তা ধাপে ধাপে ২০ থেকে ৩০ শতাংশে নেওয়া হবে। এরপর টারবাইন সিনক্রোনাইজেশনের মাধ্যমে জেনারেটরকে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা সম্ভব হবে। তবে এর আগে অপারেটিং অর্গানাইজেশনকে বায়রার কাছ থেকে আলাদা করে ‘ট্রায়াল অপারেশনাল লাইসেন্স’ নিতে হবে।

প্রকল্পসংশ্লিষ্টরা বলছেন, পাওয়ার স্টার্ট-আপ ধাপটি বিশেষভাবে সংবেদনশীল। এ সময়ে রিঅ্যাক্টর, টারবাইন ও কেন্দ্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তাৎক্ষণিক সমন্বয় নিশ্চিত করতে হয়। পাশাপাশি জাতীয় গ্রিড এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গেও প্রযুক্তিনির্ভর সমন্বয় বজায় রাখতে হবে।

গ্রিডে সংযোগ দেওয়ার পরও কেন্দ্রটি সঙ্গে সঙ্গে পূর্ণ সক্ষমতায় যাবে না। প্রকল্প কর্তাদের মতে, বিভিন্ন ক্ষমতায় সাত থেকে আট মাস ধরে পরীক্ষামূলক উৎপাদন বা ট্রায়াল রান চলতে পারে। প্রথম ইউনিটকে শুরুতে কম শক্তিতে গ্রিডের সঙ্গে যুক্ত করে ধীরে ধীরে উৎপাদন ক্ষমতা ২০ থেকে ২৫ শতাংশে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বাংলাদেশ ৩৩তম দেশ হিসেবে যুক্ত হবে। সংশ্লিষ্টদের মতে, এর মধ্য দিয়ে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারের পাশাপাশি পারমাণবিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক সক্ষমতার ক্ষেত্রেও নতুন অধ্যায়ের সূচনা হবে।

রূপপুর প্রকল্পের মূল মেয়াদ ছিল ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। পরে দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে। ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী মেয়াদ বাড়ানোর কারণে প্রকল্প ব্যয় বাড়ার সুযোগ না থাকলেও ডলারের বিনিময় হার বৃদ্ধির প্রভাবে ব্যয় প্রায় ২৬ হাজার কোটি টাকা বেড়েছে। বর্তমানে প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।