আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে (ইসি) আপিল করা শুরু করেছেন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেতে ১২২ জন প্রার্থী আপিল করেছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) আপিল দাখিলের সময়সীমা শেষে ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য জানান।
ইসি সূত্রে জানা গেছে, অঞ্চলভিত্তিক আপিলের সংখ্যায় ঢাকা অঞ্চল শীর্ষে রয়েছে। ঢাকা অঞ্চলে ২৩টি, রাজশাহী অঞ্চলে ১৭টি, খুলনা ও ময়মনসিংহ অঞ্চলে ১৬টি করে, কুমিল্লা অঞ্চলে ১৪টি, রংপুর অঞ্চলে ১০টি, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে ৮টি করে, বরিশাল ও ফরিদপুর অঞ্চলে ৫টি করে আপিল জমা পড়েছে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের সংসদ নির্বাচনে মোট ৩ হাজার ৪০৬টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এর মধ্যে জমা পড়ে ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র। যাচাই-বাছাই শেষে ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অঞ্চলভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে ঢাকা অঞ্চলে—১৩৩টি। আর সবচেয়ে কম বাতিল হয়েছে বরিশাল অঞ্চলে—৩১টি।
ইসি জানিয়েছে, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। এসব আপিলের শুনানি ও নিষ্পত্তি করা হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
সংশোধিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।