প্রধানমন্ত্রীর নিয়মিত সচিবালয়ে উপস্থিত থেকে সরাসরি কাজ পরিচালনা প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এনেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবেশ কল্যাণমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সরকারপ্রধান প্রাসাদে বসে নয়, সরাসরি সচিবালয়ে এসে দায়িত্ব পালন করায় পুরো প্রশাসন আরও সক্রিয় হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আয়োজিত একটি প্রশিক্ষণ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘কোনোদিন কি শুনেছেন মন্ত্রীরা প্রতিদিন মন্ত্রণালয়ে সকাল পৌনে নয়টায় সচিবালয়ে যায়? এখন যেতে বাধ্য, কারণ বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী রাজপ্রাসাদ ছেড়ে সকাল সকালেই সচিবালয়ে এসে অফিস করেন। তিনি অফিসে এসে প্রতিদিনই কোনো না কোনো মন্ত্রণালয় পরিদর্শন করতে যান।’
জাতীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার দেশের সামগ্রিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই সরকারের নেতৃত্ব ব্যর্থ হলে জাতির ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়তে পারে।
স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, টিকাদান কর্মসূচিতে নিয়োজিত ১ হাজার ৩০৬ জন স্বাস্থ্য সহায়ক গত ৯ মাস ধরে বেতন পাচ্ছেন না। পাশাপাশি স্বাস্থ্য সহকারী, সহ-স্বাস্থ্য সহকারী ও পরিদর্শক মিলিয়ে প্রায় ২৫ হাজার কর্মীর পদোন্নতি দীর্ঘদিন ধরে আটকে আছে।
এসব সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, আমি আশ্বস্ত করে বলছি আজ বা আগামীকালের মধ্যেই তাদের প্রতিনিধিদের ডেকে আমরা একটি সন্তোষজনক ফয়সালা করব, যাতে তারা খুশি হন। আমার শুধু অনুরোধ থাকবে, জাতির এই দুর্যোগের সময় তারা যেন আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেন।
চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, পৃথিবীতে স্রষ্টার পরেই মানুষ যাদের ওপর ভরসা করে, তারা হলেন চিকিৎসক। তাই চিকিৎসকদের মেডিকেল নৈতিকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি ‘বিশ্বাস’-কে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবা পরিচালনার আহ্বান জানান তিনি।