বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, জড়িতদের শনাক্তে ইবি প্রশাসনের তদন্ত কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শাহজাহান আলীকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ পোস্ট করার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, জড়িতদের শনাক্তে ইবি প্রশাসনের তদন্ত কমিটি গঠন
ছবিঃ সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শাহজাহান আলীকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ পোস্ট করার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল হক। প্রশাসন থেকে এই কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য যে, গত ৩০ মার্চ রাতে 'ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার' নামক একটি ফেসবুক পেজ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ ও আপত্তিজনক পোস্ট করা হয়। বিষয়টি নজরে আসার পর প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টাদের নিয়ে আয়োজিত একটি জরুরি সভায় এই তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ জানান, "পোস্টটি দেখার পর তিনি তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেন এবং প্রতিবাদ জানান। তিনি বলেন, বাকস্বাধীনতার দোহাই দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বিশিষ্ট ব্যক্তি কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের চরিত্র হনন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি এই ভুঁইফোঁড় আইডি ও পেজ পরিচালনাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানোর পাশাপাশি শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের খুনিদের গ্রেপ্তারের দাবিও পুনর্ব্যক্ত করেন।"

তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. শাহজাহান আলী বলেন, প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর দ্রুতই এই বিষয়ে বৈঠক আহ্বান করা হবে। আইনি ও কারিগরি উভয় বিষয়কে গুরুত্ব দিয়ে নিরপেক্ষভাবে তদন্ত কাজ পরিচালনা করা হবে এবং স্বল্প সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে কমিটি কাজ করবে।