প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে দায়ের করা একটি মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৫ জুন) তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত আবেদনটি মঞ্জুর করেন এবং পরবর্তী আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জানুয়ারি একটি অনলাইন প্রতারক চক্র চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। এরপর ধাপে ধাপে বিভিন্ন বিনিয়োগে অর্থ দেওয়ার জন্য প্রলুব্ধ করা হয়। শুরুতে কিছু অর্থ ফেরত দিয়ে আস্থা অর্জনের পর বড় অঙ্কের টাকা নেওয়া হয়। পরে মুনাফাসহ ফেরতের আশ্বাস দিলেও ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়। এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যুতি অজ্ঞাতনামা আসামি করে ওয়ারী থানায় মামলা করেন।
এর আগে গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।