রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ওপর চড়াও হয়েছে উত্তেজিত জনতা। এ সময় বেলপুকুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলামকে কান ধরে ওঠবস করানোর একটি ভিডিও সোমবার (২৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার সূত্রপাত হয় রোববার (২৫ জানুয়ারি) রাতে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের পোল্লাপুকুর এলাকায়। একটি বাসের চাপায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তিনজন নিহত হন। এই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন, যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ চলাকালীন স্থানীয়রা অভিযোগ তোলেন যে, পুলিশ ঘুস নিয়ে ঘাতক বাসটির চালক ও হেলপারকে ছেড়ে দিয়েছে। এই অভিযোগে উত্তেজিত জনতা বেলপুকুর থানার এসআই জহুরুল ইসলামকে একটি টিনের ঘরে আটকে রেখে লাঞ্ছিত করে এবং কান ধরে ওঠবস করায়। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজুনকেও সাড়ে ৩ ঘণ্টা আটকে রাখা হয়।
বেলপুকুর থানার ওসি আরজুন জানান, দুর্ঘটনাস্থল তাদের থানা এলাকার মধ্যে না হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সেখানে গিয়েছিলেন। কিন্তু জনতা পুলিশের বিরুদ্ধে কাজে অবহেলার অভিযোগ এনে তাদের মারধর ও আটকে রাখে। পরবর্তীতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে তাদের উদ্ধার করেন।
আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, পুলিশ সদস্যরা আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে গেলেও উত্তেজিত জনতা তাদের ওপর হামলা চালায় এবং চরমভাবে লাঞ্ছিত করে। ওই ঘটনার ভিডিও ধারণ করে উদ্দেশ্যমূলকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।