রাজশাহীর পুঠিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও সেনাবাহিনীর একটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের তারাপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস সেনাবাহিনীর গাড়িটিকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সংঘর্ষের তীব্রতায় সেনাবাহিনীর গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে গাড়ির চালক (সেনাসদস্য) গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে।
খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিস এবং পবা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসেন জানান, তারা আহত সেনাসদস্যকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।