শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

রাঙামাটিতে এনসিপির ৫০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

রাঙামাটিতে রাজনৈতিক মেরুকরণে বড় পরিবর্তন এসেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা পর্যায়ের সিনিয়র নেতাসহ ৫০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

রাঙামাটিতে এনসিপির ৫০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
ছবিঃ সংগৃহীত

রাঙামাটিতে রাজনৈতিক মেরুকরণে বড় পরিবর্তন এসেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা পর্যায়ের সিনিয়র নেতাসহ ৫০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

সোমবার( ১৯ জানুয়ারী) বিকেল সাড়ে ৫টায় শহরের কাঁঠালতলী এলাকায় অবস্থিত জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা এই সিদ্ধান্ত নেন।

এনসিপির জেলা কমিটির সিনিয়র সদস্য সুকুমার দেওয়ানের নেতৃত্বে রাঙামাটি সদর এবং জুরাছড়ি উপজেলার এসব নেতাকর্মী দলটির আদর্শ ত্যাগ করে বিএনপিতে শামিল হন। রাঙামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

যোগদান অনুষ্ঠানে সুকুমার দেওয়ান সংবাদমাধ্যমকে জানান, রাঙামাটি সদর ও জুরাছড়ি উপজেলা থেকে মোট ৫০ জন নেতাকর্মী এনসিপি থেকে পদত্যাগ করে বিএনপির পতাকাতলে এসেছেন। নতুনভাবে যুক্ত হওয়া এই কর্মীদের স্বাগত জানিয়ে দীপেন দেওয়ান বলেন, আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জাতীয়তাবাদী আদর্শের কোনো বিকল্প নেই। তিনি তারেক রহমানের নেতৃত্বে দেশে প্রকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে শরিক হয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী মণিস্বপন দেওয়ান ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল এবং সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টোসহ জেলা ও তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ।