বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ, বাবা-ছেলে দগ্ধ

বরিশাল মহানগরীর দরগাবাড়ী এলাকায় একটি আবাসিক ভবনের রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ, বাবা-ছেলে দগ্ধ
ছবিঃ সংগৃহীত

বরিশাল মহানগরীর দরগাবাড়ী এলাকায় একটি আবাসিক ভবনের রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার সকালে সংঘটিত এই দুর্ঘটনায় মানিক ও তার ছেলে মৃদুল গুরুতর আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্র জানিয়েছে, ছেলে মৃদুলের আঘাত তুলনামূলক কম হলেও মানিকের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সাগরদি এলাকার দরগাবাড়ী ব্রিজ সংলগ্ন একটি তিনতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এই বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতে রান্নার পর পরিবারের কেউ অসাবধানতাবশত চুলার চাবি বন্ধ করতে ভুলে যান। ফলে সারারাত ঘরে গ্যাস জমে থাকে। সকালে গৃহকর্তা মানিক যখন চুলাটি বন্ধ করতে যান, ঠিক তখনই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ওই কক্ষের আসবাবপত্র চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় এবং জানালার কাঁচসহ দরজা ভেঙে পড়ে। এমনকি পাশের একটি ফ্ল্যাটও এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বরিশাল ফায়ার সার্ভিস সদর স্টেশনের সিনিয়র কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, সিলিন্ডারের গ্যাস জমে থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের সময় মানিক ও তার ছেলে ঘরের ভেতরেই অবস্থান করছিলেন। এতে মানিকের হাত ও পা মারাত্মকভাবে পুড়ে যায় এবং মৃদুল মাথায় আঘাতপ্রাপ্ত হন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরণের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।