শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

মাদ্রাসায় যৌন নির্যাতন ঠেকাতে কমিটি গঠনের দাবি, ৫ মন্ত্রণালয়ে আইনি নোটিশ

আইনজীবী নূরুল হুদা বলেন, পাঁচ দিনের মধ্যে দেশের সব ধরনের মাদ্রাসায় জাতীয় পর্যায়ে ‘যৌন নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষা সেল’ গঠন এবং প্রতিটি মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ‘যৌন নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষা কমিটি’ প্রতিষ্ঠার জন্য আইনি নোটিশ দেওয়া হয়েছে।

মাদ্রাসায় যৌন নির্যাতন ঠেকাতে কমিটি গঠনের দাবি, ৫ মন্ত্রণালয়ে আইনি নোটিশ
প্রতীকী ছবি৷ এআই দিয়ে তৈরি

আলিয়া, কওমি ও হিফজসহ দেশের সব ধরনের মাদ্রাসায় যৌন নির্যাতন প্রতিরোধে জাতীয় পর্যায়ে ‘যৌন নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষা সেল’ গঠনের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে প্রতিটি মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ‘যৌন নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষা কমিটি’ গঠনের দাবিতে পাঁচ মন্ত্রণালয়ের সচিবকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবদের এই নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ নূরুল হুদা।

আইনজীবী নূরুল হুদা বলেন, পাঁচ দিনের মধ্যে দেশের সব ধরনের মাদ্রাসায় জাতীয় পর্যায়ে ‘যৌন নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষা সেল’ গঠন এবং প্রতিটি মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ‘যৌন নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষা কমিটি’ প্রতিষ্ঠার জন্য আইনি নোটিশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো কার্যকর, ইতিবাচক ও সন্তোষজনক পদক্ষেপ না নিলে তিনি হাইকোর্টে রিট মামলা করবেন বলেও জানান।

নোটিশে বলা হয়েছে, নোটিশদাতা আইনজীবী ছয় মাসেরও কম সময়ে দেশের অন্তত ১৮টি জেলার মাদ্রাসায় শিক্ষক, অধ্যক্ষ ও তত্ত্বাবধায়কদের মাধ্যমে শিশুদের ধর্ষণ, বলাৎকার, যৌন নির্যাতন, যৌন হয়রানি ও গুরুতর শারীরিক নিষ্ঠুরতার অন্তত ৩০টি পৃথক ঘটনার তথ্য জাতীয় সংবাদমাধ্যম থেকে সংগ্রহ ও সংরক্ষণ করেছেন।

নোটিশে আরও বলা হয়, এসব নির্যাতনের ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে, পাঁচ, ছয় ও সাত বছর বয়সী শিশুরাও যৌন নির্যাতনের শিকার হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ছয় মাস, আবার কোনো ক্ষেত্রে প্রায় এক বছর ধরে শিশুদের ওপর বারবার নির্যাতনের ঘটনাও ঘটেছে।