শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে না ইসলামী আন্দোলন

জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যে রাজনৈতিক ঐকমত্য হয়েছিল, তা অনুসরণ না করার অভিযোগ তুলে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে না ইসলামী আন্দোলন

জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যে রাজনৈতিক ঐকমত্য হয়েছিল, তা অনুসরণ না করার অভিযোগ তুলে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘রাষ্ট্রপতির পদ অলংকারিক হলেও জাতীয় সংকট ও জাতীয় নির্বাচনের ক্ষেত্রে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাষ্ট্রপতি বাংলাদেশে সার্বজনীন ঐক্য ও আস্থার প্রতীক হিসেবে ভূমিকা পালন করেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশে জাতীয় নির্বাচনকালীন সরকার নিয়ে যে সংকট রয়েছে, তার অন্যতম কারণ দলীয় রাষ্ট্রপতি। এ সংকট থেকে উত্তরণের জন্য জাতীয় ঐকমত্য কমিশনে রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে বেশ কিছু নীতিতে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল। সেখানে বিএনপিরও কোনো নোট অব ডিসেন্ট ছিল না। ইসলামী আন্দোলন প্রত্যাশা করেছিল, জুলাই সনদে ঐকমত্য হওয়া সেই নীতিগুলো অনুসরণ করে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। তা না হওয়ায় এই নির্বাচনে ভোট দেওয়া সমীচীন মনে করছে না দলটি।’

বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব আরও বলেন, ‘জুলাই সনদে ঐকমত্য প্রতিষ্ঠিত বিষয়গুলোর মধ্যে ‘রাষ্ট্রপতি’ শিরোনামে ধারা-১০-এ বলা হয়েছে, রাষ্ট্রপতি আইনসভার উভয় কক্ষের (উচ্চ ও নিম্নকক্ষ) সদস্যদের গোপন ভোটে নির্বাচিত হবেন। এ ধারার বিষয়ে বিএনপিও একমত হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘ধারা-২৮-এ জাতীয় সংসদে দলের বিরুদ্ধে ভোটদানের প্রসঙ্গে অর্থ বিল ও আস্থাভোট ছাড়া অন্য সব ক্ষেত্রে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন বলে উল্লেখ রয়েছে। এ বিষয়েও বিএনপিসহ সবাই একমত হয়েছিল এবং কোনো নোট অব ডিসেন্ট ছিল না।’

গাজী আতাউর রহমানের অভিযোগ, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে জুলাই সনদে ঐকমত্য হওয়া এই দুই বিষয়ের কোনোটিই বাস্তবায়ন করা হচ্ছে না।

এ কারণেই ইসলামী আন্দোলন বাংলাদেশ এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।