রাজধানীর গুলশানে এক বৃদ্ধ পথচারীকে প্রকাশ্যে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে এই আবেদন করেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৪টার দিকে গুলশান-২ এলাকার রয়্যাল ব্লু ভবনের বিপরীতে এই ঘটনা ঘটে। সেখানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মনিকা কবির ভিডিও ধারণ বা টিকটক করছিলেন। এ সময় পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এক বৃদ্ধ পথচারীর ব্যাগের কোনা মডেলের গায়ে লাগলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, মনিকা কবির ওই বৃদ্ধকে লক্ষ্য করে আক্রমণাত্মক আচরণ করেন এবং তার ব্যাগ ছুড়ে মেরে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
মামলায় আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত মডেল কেবল বৃদ্ধকে অপদস্থ করেই ক্ষান্ত হননি, বরং পুরো ঘটনার ভিডিও ধারণ করে পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এর ফলে ভুক্তভোগী ব্যক্তি সামাজিকভাবে চরম হেয় প্রতিপন্ন ও অপমানিত হয়েছেন। বাদী সাজ্জাদ আল ইসলাম আদালতে মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছিলেন। আদালতের নির্দেশের পর এখন বিষয়টি নিয়ে আইনি তদন্ত শুরু হচ্ছে।