সোমবার, 12 অক্টোবর 2026
সকল বিভাগ

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে রেমিট্যান্সের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বর্তমান অর্থনীতির অন্যতম চালিকাশক্তি প্রবাসী আয়ের যে ভিত্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গড়েছিলেন, তাকে পূর্ণতা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মে দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে রেমিট্যান্সের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বর্তমান অর্থনীতির অন্যতম চালিকাশক্তি প্রবাসী আয়ের যে ভিত্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গড়েছিলেন, তাকে পূর্ণতা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মে দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি তার বক্তব্যে উল্লেখ করেন, ১৯৭৬ সালে জনশক্তি মন্ত্রণালয় প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ জিয়া মধ্যপ্রাচ্যসহ ৩৩টি দেশে জনশক্তি রপ্তানির দুয়ার উন্মোচন করেছিলেন। এই দূরদর্শী পদক্ষেপই আজ দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎসে পরিণত হয়েছে। পরবর্তীতে বেগম খালেদা জিয়া ‘শ্রম আইন ২০০৬’ প্রণয়ন এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন করে মেহনতি মানুষের আইনি ও সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি আন্দোলনে শ্রমিকদের বীরত্বপূর্ণ আত্মত্যাগের কথা রাষ্ট্রপতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, কৃষি, শিল্প, পরিবহন ও নির্মাণসহ প্রতিটি খাতের শ্রমিকের ঘামেই আজকের বাংলাদেশ দাঁড়িয়ে আছে। বিশেষ করে পোশাক শিল্প ও প্রবাসীদের পাঠানো অর্থ আমাদের অর্থনীতির মূল ভিত্তি।

শ্রমিকবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে মো. সাহাবুদ্দিন জানান, বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। একইসঙ্গে তিনি আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বিভিন্ন কনভেনশন অনুসরণের মাধ্যমে ট্রেড ইউনিয়ন কার্যক্রম ও শ্রম অধিকার প্রসারে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানান। নারী শ্রমিকদের ক্ষেত্রে সমমজুরি ও মাতৃত্বকালীন ছুটির মতো বিষয়গুলো কঠোরভাবে মেনে চলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সম্প্রতি মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৩ শ্রমিকের আত্মার মাগফিরাত কামনা করে রাষ্ট্রপতি তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেন। এ ধরনের দুর্ঘটনা রোধে শিল্প প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার তাগিদ দেন তিনি। পরিশেষে, শিল্প উৎপাদন বৃদ্ধি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে মালিক ও শ্রমিক উভয় পক্ষকে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি।