বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026
সকল বিভাগ

রক্তের বিনিময়ে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে: তথ্যমন্ত্রী

বাংলাদেশে যুগ যুগ ধরে চলে আসা ধর্মীয় ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখতে দেশের সর্বস্তরের নাগরিককে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেছেন, দেশের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে যদি প্রয়োজন হয়, তবে সর্বোচ্চ ত্যাগ তথা রক্তের বিনিময়ে হলেও তা অটুট রাখা হবে।

রক্তের বিনিময়ে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে: তথ্যমন্ত্রী
ছবি : সংগৃহীত

বাংলাদেশে যুগ যুগ ধরে চলে আসা ধর্মীয় ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখতে দেশের সর্বস্তরের নাগরিককে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেছেন, দেশের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে যদি প্রয়োজন হয়, তবে সর্বোচ্চ ত্যাগ তথা রক্তের বিনিময়ে হলেও তা অটুট রাখা হবে।

শুক্রবার শেষ বিকেলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে মহাত্মা ভেগাই হালদারের জন্ম ও প্রয়াণ দিবস স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বার্তা দেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, যারা সমাজকে কেবল একক কোনো ধর্ম কিংবা নির্দিষ্ট সংস্কৃতির ফ্রেমে বন্দি করতে চায়, তারা মূলত প্রকৃতির শাশ্বত বৈচিত্র্য ও বাস্তবতাকে অনুধাবন করতে ব্যর্থ। আবহমান কাল ধরে এ দেশে সব ধর্মাবলম্বী ও নানা সংস্কৃতির মানুষের যে শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে, সেটিই আমাদের মূল শক্তি ও জাতীয় পরিচয়।

তিনি আরও উলেখ করেন, একটি প্রগতিশীল সমাজ বিনির্মাণে পারস্পরিক সহনশীলতা, শ্রদ্ধা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। এই মানবিক মূল্যবোধের সুরক্ষায় সমাজের প্রতিটি স্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার তাগিদ দেন তিনি।

স্মরণসভার মঞ্চে বক্তব্য রাখার সময় জহির উদ্দিন স্বপন তাঁর নিজস্ব নির্বাচনী এলাকার ভবিষ্যৎ উন্নয়ন রূপরেখাও তুলে ধরেন। তিনি আশ্বাস দেন যে, মহাত্মা ভেগাই হালদারের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থানসমূহ রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ ও জাতীয়করণের পাশাপাশি সেখানে একটি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত উপাসনালয় নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আলোচনা সভার সমাপনী অংশে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বিশেষ মেধা সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী।