রাশিয়ার বিরুদ্ধে নতুন করে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নতুন নিষেধাজ্ঞার তালিকায় এক হাজার ৬৪৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে যুক্ত করার বিষয়ে সম্মত হয়েছেন ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা। তালিকাভুক্তদের বেশির ভাগই রাশিয়ার সামরিক-শিল্প খাতের সঙ্গে সংশ্লিষ্ট।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার ইইউ রাষ্ট্রদূতরা নিষেধাজ্ঞার নতুন তালিকায় একমত হন। আনুষ্ঠানিক অনুমোদন পেলে ইউক্রেন যুদ্ধ শুরুর পর একসঙ্গে এটিই হবে রাশিয়ার বিরুদ্ধে ইইউর সবচেয়ে বড় নিষেধাজ্ঞার তালিকা।
ইইউর ২২তম নিষেধাজ্ঞা প্যাকেজে রাশিয়ার সামরিক সক্ষমতার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানকে লক্ষ্য করা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বিশেষ করে ইস্কান্দার-এম উৎপাদন ও গবেষণায় যুক্ত প্রতিষ্ঠান, রকেট ইঞ্জিন ও কঠিন জ্বালানি প্রস্তুতকারক, ড্রোন নির্মাতা এবং সাবমেরিন তৈরির প্রতিষ্ঠান।
এ ছাড়া রাশিয়ার অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলে অনুষ্ঠিত নির্বাচনে অংশ নেওয়া ৭৭ জন রুশ রাজনীতিককেও নিষেধাজ্ঞার তালিকায় রাখা হচ্ছে। রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় সহায়তার অভিযোগে উত্তর কোরিয়ার সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানও এই নিষেধাজ্ঞার আওতায় আসছে।
ইইউ রাষ্ট্রদূতদের সম্মতির পর আগামী সোমবার ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে প্যাকেজটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়ার কথা রয়েছে। নতুন তালিকা যুক্ত হলে রাশিয়ার বিরুদ্ধে ইইউর নিষেধাজ্ঞার তালিকা প্রায় ৫০ শতাংশ বড় হবে। তবে এবারের প্যাকেজে বড় ধরনের নতুন বাণিজ্যিক বা অর্থনৈতিক বিধিনিষেধ থাকছে না। মূলত রাশিয়ার সামরিক-শিল্প অবকাঠামো এবং যুদ্ধ পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে লক্ষ্য করা হয়েছে।
এর পাশাপাশি রাশিয়ার ‘হাইব্রিড কর্মকাণ্ডে’র বিরুদ্ধে আলাদা নিষেধাজ্ঞার মেয়াদও এক বছর বাড়িয়েছে ইইউ। বৃহস্পতিবার ইউরোপীয় কাউন্সিল জানিয়েছে, এই নিষেধাজ্ঞা ২০২৭ সালের ৯ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে।
ইইউয়ের অভিযোগ, রাশিয়া বিদেশে তথ্য বিকৃতি ও হস্তক্ষেপ, সাইবার হামলা, গুরুত্বপূর্ণ অবকাঠামোয় নাশকতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করার মতো কর্মকাণ্ড অব্যাহত রেখেছে এবং এসব তৎপরতা আরও জোরদার করেছে।
এই নিষেধাজ্ঞার আওতায় বর্তমানে ৮০ ব্যক্তি ও ২০টি প্রতিষ্ঠান রয়েছে। তাদের সম্পদ জব্দ থাকবে। পাশাপাশি ইইউয়ের নাগরিক ও কোম্পানিগুলো তাদের কোনো অর্থ বা আর্থিক সম্পদ দিতে পারবে না। তালিকাভুক্ত ব্যক্তিদের ইইউতে প্রবেশ এবং ইইউর ভূখণ্ড ব্যবহার করে ট্রানজিটও নিষিদ্ধ।
তবে নতুন নিষেধাজ্ঞা নিয়ে ইইউর ভেতরেও কিছু স্বার্থগত বিরোধ দেখা দিয়েছে। এস্তোনিয়া রাশিয়ার একটি কোম্পানি ও এর সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তিকে নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দেওয়ার অনুরোধ জানিয়েছে। দেশটির একটি প্রতিষ্ঠানে ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ কাঁচামাল সরবরাহ করে ওই রুশ কোম্পানি। বিকল্প সরবরাহকারী খোঁজা হলেও আপাতত সরবরাহ বন্ধ হলে ইউরোপীয় প্রতিষ্ঠানটির ওপর চাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে এস্তোনিয়া।
অন্যদিকে রাশিয়ার খাদ্যশস্য ইইউর ভূখণ্ড দিয়ে পরিবহন বন্ধ করার পাশাপাশি দেশটির কৃষি খাতের কয়েকজনকে নিষেধাজ্ঞার আওতায় আনার প্রস্তাব দিয়েছে লিথুয়ানিয়া।
ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চলার মধ্যেই রাশিয়ার ওপর চাপ বাড়াতে এসব পদক্ষেপ নিচ্ছে ইইউ। সংস্থাটির মতে, যুদ্ধের অর্থায়ন বন্ধ করার পাশাপাশি রাশিয়ার সামরিক সক্ষমতা এবং ইউরোপজুড়ে প্রভাব বিস্তারের নেটওয়ার্ক সংকুচিত করাও নতুন নিষেধাজ্ঞার অন্যতম লক্ষ্য।