বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার সুদীর্ঘ এবং অকৃত্রিম বন্ধুত্বের কথা স্মরণ করে দুই দেশের সংসদীয় মৈত্রী গ্রুপ পুনরায় সচল করা এবং প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে তার কার্যালয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। বৈঠকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রাশিয়ার ঐতিহাসিক অবদান এবং সমসাময়িক উন্নয়ন অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
স্পিকার বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কঠিন সময়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন পাকিস্তানের বিপক্ষে ভেটো প্রদান করে যে নজিরবিহীন সহায়তা করেছিল এবং পরবর্তীতে চট্টগ্রাম বন্দর মাইনমুক্ত করতে গিয়ে রাশিয়ার যে তরুণ প্রাণ উৎসর্গ করেছিলেন, তা বাঙালি জাতি আজও গভীর কৃতজ্ঞতায় স্মরণ করে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সাম্প্রতিক নির্বাচন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাশিয়ার পর্যবেক্ষক দলের উপস্থিতি একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আন্তর্জাতিকভাবে সহায়ক ভূমিকা পালন করেছে। তিনি আরও বলেন, বিগত ১৬ বছর দেশে গণতন্ত্র চরম সংকটের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। সেই প্রতিকূল সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘস্থায়ী আত্মত্যাগ তাকে গণমানুষের হৃদয়ে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
সাক্ষাৎকারে শিক্ষা, জ্বালানি নিরাপত্তা, মানবসম্পদ রপ্তানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তির প্রসারে উভয় পক্ষই ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে আটকে পড়া ও হতাহত বাংলাদেশিদের সংকট দ্রুত নিরসনের বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার একটি বড় অংশ ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে। রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন স্পিকারকে আশ্বস্ত করে বলেন, কারিগরি কারণে শুরুর দিকে বিদ্যুৎ সরবরাহ কিছুটা ধীর মনে হলেও এটি দেশের সামগ্রিক জ্বালানি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে। তিনি জানান, ২০২৭ সালের মধ্যে এই বিদ্যুৎকেন্দ্রটি তার মোট উৎপাদনক্ষমতার ৪০ শতাংশ বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে সক্ষম হবে।
স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে উষ্ণ অভিনন্দন জানিয়ে রাষ্ট্রদূত খোজিন আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশের অগ্রযাত্রায় রাশিয়ার সর্বাত্মক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় রাশিয়ান দূতাবাসের প্রতিনিধিদল ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।