বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

শাহজাদপুরে বায়োপ্লান্টে বিস্ফোরণ, ২ শ্রমিক দগ্ধ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি দুধের কারখানায় বায়োগ্যাস প্লান্ট পরিষ্কার করার সময় আকস্মিক বিস্ফোরণে দুই শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন।

শাহজাদপুরে বায়োপ্লান্টে বিস্ফোরণ, ২ শ্রমিক দগ্ধ
ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি দুধের কারখানায় বায়োগ্যাস প্লান্ট পরিষ্কার করার সময় আকস্মিক বিস্ফোরণে দুই শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন।

শনিবার দুপুরে উপজেলার গাড়াদহ ইউনিয়নের দুর্গাদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে। দগ্ধ শ্রমিকরা হলেন ওই কারখানার কর্মী মোমিন ও লাল চাঁদ।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাদহ গ্রামের বাসিন্দা রূপ কুমার ঘোষের মালিকানাধীন দুগ্ধ কারখানার বায়োপ্লান্টটি পরিষ্কার করার জন্য দুই শ্রমিক সেটির ভেতরে নামেন। ওই সময় হঠাৎ করে সেখানে বিস্ফোরণের পাশাপাশি আগুনের সূত্রপাত হয়। এতে ভেতরে থাকা দুই শ্রমিকের শরীরের সিংহভাগ দগ্ধ হয়। কারখানার অন্য কর্মীরা দ্রুত তাদের উদ্ধার করেন এবং অবস্থার গুরুত্ব বিবেচনা করে তাৎক্ষণিকভাবে ঢাকার বার্ন ইউনিটে পাঠানোর ব্যবস্থা করা হয়।

কারখানার মালিক রূপ কুমার ঘোষ দুর্ঘটনার কারণ সম্পর্কে জানান, শ্রমিকরা পাম্প মেশিনের সাহায্যে প্লান্টটি পরিষ্কার করার কাজ করছিলেন। সে সময় ভেতরে থাকা অবস্থায় একজন শ্রমিক সিগারেট ধরালে জমে থাকা গ্যাস থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং বিস্ফোরণ হয়। আহতদের শরীর মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বায়োপ্লান্টে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। দগ্ধ দুই শ্রমিককে তাদের আত্মীয়-স্বজনরা উদ্ধার করে ঢাকার বিশেষায়িত হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ প্রশাসন।