বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতা বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়ার অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা বিএনপির ২৮ জন নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতা বহিষ্কার
ছবিঃ সংগৃহীত

দলীয় সিদ্ধান্ত অমান্য, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়ার অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা বিএনপির ২৮ জন নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারাদেশের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কালিগঞ্জ উপজেলা বিএনপির ১৬ জন নেতা-কর্মীকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই ধরনের অভিযোগে আশাশুনি উপজেলা বিএনপির আরও ১২ জন নেতা-কর্মীকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।

কালিগঞ্জ উপজেলা থেকে বহিষ্কৃতদের তালিকায় রয়েছেন— বাবুল খাঁন, কাজী হুমায়ন কবীর ডাবলু, মো. আব্দুল গফুর, শেখ দিদারুল ইসলাম, আজিজ আহমেদ পুটু, গাজী জাহাঙ্গীর হোসেন, জিন্নাত খাঁন, নজরুল ইসলাম নজু, শেখ সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান বাবু, আব্দুস সাত্তার গাইন, মো. শহিদুল ইসলাম, মো. লিটন গাজী, জিয়াউর রহমান জিয়া ও আসাদুর রহমান খোকাসহ মোট ১৬ জন।

অন্যদিকে আশাশুনি উপজেলা থেকে বহিষ্কৃতরা হলেন— মোস্তফা হেলালুজ্জামান, শাহাদাত হোসেন, আবু বক্কর সিদ্দিক, আজগার আলী মোল্যা, শাহিন ঢালী, আবুল কালাম, ইলিয়াছ হোসেন, মো. নূরুল হক মোড়ল, আশরাফুল ইসলাম মুকুল, মো. আজহারুল ইসলাম আজগার ও মো. সাহেব আলীসহ মোট ১২ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সংসদীয় আসন সাতক্ষীরা-৩-এর ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দীনের সুপারিশে এবং সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত করতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।