শনিবার, 24 অক্টোবর 2026
সকল বিভাগ

সাভারে পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

সাভারে পুলিশের অভিযানের সময় পাঁচতলা বিশিষ্ট ভবনের ছাদ থেকে নিচে পড়ে মনোয়ারুল হোসেন বকশী নামের ত্রিশ বছর বয়সি এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে সাভারের বিপিএটিসি সংলগ্ন স্টাফ কোয়ার্টার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সাভারে পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
ছবি : সংগৃহীত
সাভারে পুলিশের অভিযানের সময় পাঁচতলা বিশিষ্ট ভবনের ছাদ থেকে নিচে পড়ে মনোয়ারুল হোসেন বকশী নামের ত্রিশ বছর বয়সি এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে সাভারের বিপিএটিসি সংলগ্ন স্টাফ কোয়ার্টার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মনোয়ারুল সাভার থানা ছাত্রদলের সহসভাপতির দায়িত্বে ছিলেন এবং তার বাবা জাফর বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রেমের জেরে রংপুরের পীরগঞ্জ এলাকা থেকে শাহারিয়ার কবির সৌমি নামের এক যুবক মিম নামের এক তরুণীকে সঙ্গে নিয়ে সাভারে তার স্বজনের আবাসে ওঠেন। এই ঘটনায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে পীরগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়রি করা হয়। পরবর্তীতে প্রযুক্তির সহায়তায় ওই যুগলের অবস্থান সাভারে শনাক্ত করে পীরগঞ্জ থানার পুলিশ।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানা পুলিশের সহযোগিতা নিয়ে বিপিএটিসি স্টাফ কোয়ার্টারে মনোয়ারুলের বাসায় তল্লাশি চালায় পীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ উপস্থিত হয়ে সেখানে মনোয়ারুলের বাবা-মাকে পেলেও কাঙ্ক্ষিত সৌমি ও মিম ততক্ষণে সেখান থেকে সরে পড়েছিলেন।

পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, তল্লাশি চলাকালীন হঠাৎ ভবনের নিচ থেকে বিকট শব্দ পাওয়া যায়। সেখানে গিয়ে রক্তাত অবস্থায় ওই যুবককে দেখতে পান তারা। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযানে থাকা পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কনক রঞ্জন বর্মন জানান, ঘরে প্রবেশের কিছুক্ষণ পরই একটি জোরালো শব্দ পান তারা। নিচে নেমে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, আসামি গ্রেপ্তারের উদ্দেশ্যে পীরগঞ্জ থানা পুলিশ সাভারে এসে স্থানীয় পুলিশের সহায়তা নেয়। পীরগঞ্জ পুলিশ ভবনের ভেতরে প্রবেশ করার পর ওই যুবক ওপর থেকে নিচে পড়ে মারা যান। সেসময় স্থানীয় পুলিশ সদস্যরা ভবনের বাইরে অবস্থান করছিলেন।

ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পাঁচ সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।