শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে বাকৃবিতে 'গ্রিন বাউ-ক্লিন বাউ' উদ্যোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি

বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সচেতনতামূলক র‍্যালি, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আমতলা প্রাঙ্গণে গ্রিন বাউ-ক্লিন বাউয়ের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে বাকৃবিতে 'গ্রিন বাউ-ক্লিন বাউ' উদ্যোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি

বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সচেতনতামূলক র‍্যালি, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আমতলা প্রাঙ্গণে গ্রিন বাউ-ক্লিন বাউয়ের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব রাখার উদ্দেশ্যে আয়োজিত কর্মসূচিতে আলোচনা সভা, সচেতনতামূলক র‍্যালি, পরিচ্ছন্নতা ও পরিবেশবিষয়ক লিফলেট বিতরণ এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

গ্রিন বাউ-ক্লিন বাউয়ের সভাপতি অধ্যাপক ড. এম. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান এবং সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. হাম্মাদুর রহমান।

এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, অনুষদীয় কমিটির আহ্বায়ক শিক্ষক, গ্রিন বাউ-ক্লিন বাউয়ের নির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন অনুষদীয় কমিটির সদস্য এবং শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার কর্মসূচির উদ্বোধন করেন। পরে আলোচনা সভা শেষে আমতলা থেকে প্রশাসন ভবনের সামনে দিয়ে কেআর মার্কেট পর্যন্ত সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। এতে শিক্ষার্থী ও আয়োজক সংগঠনের সদস্যরা অংশ নেন।

র‍্যালি শেষে কেআর মার্কেট এলাকায় উপস্থিত সবার মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। এরপর ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্থান পরিষ্কার করার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে সবাইকে সচেতন করেন।

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, আমাদের এই উদ্যোগটি খুবই মহৎ উদ্যোগ। সবাই বলে আমাদের ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাস। তাই শুধু সবুজ হলেই চলবে না, ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্নও রাখতে হবে। অন্যান্য ছোট বিশ্ববিদ্যালয়ে দেখা যায়, একটি-দুটি রাস্তা থাকায় সেগুলো পরিষ্কার রাখা সহজ হয়। কিন্তু আমাদের ক্যাম্পাস অনেক বড় এবং এটি একটি উন্মুক্ত ক্যাম্পাস হওয়ায় সার্বিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অনেক কঠিন। এ কারণে সপ্তাহের ছুটির দিনে কিছু কিছু জায়গা বন্ধ রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে ক্যাম্পাস পরিষ্কার রাখা যায়। আমি অনুষদগুলোর দায়িত্বশীলদের অনুরোধ করব, আপনারা নিজ নিজ জায়গা থেকে এই কার্যক্রম চালিয়ে যাবেন। হলের প্রভোস্টরা হলে শিক্ষার্থীদের বলবেন, ডিনরা নিজ নিজ অনুষদে বলবেন। আমরা সবাই যদি সচেতন হই এবং একসঙ্গে কাজ করি, তাহলে ক্যাম্পাসকে অনেকটাই পরিষ্কার রাখা সম্ভব হবে।

গ্রিন বাউ-ক্লিন বাউয়ের সভাপতি অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম বলেন, পরিচ্ছন্নতা শুধু একদিনের কর্মসূচি নয়। এটিকে আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের সবার ক্যাম্পাস। তাই ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখার দায়িত্বও আমাদের সবার। শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়াতে গ্রিন বাউ-ক্লিন বাউ নিয়মিতভাবে কাজ করে যেতে চায়।