ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া–কোটালীপাড়া) আসনে প্রচারণার সূচনা করলেন বিএনপির বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামেন।
হাবিবুর রহমান টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সাবেক সদস্য। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁর প্রতীক ‘ফুটবল’। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বুধবার বিএনপির কেন্দ্রীয় কমিটি তাঁসহ জেলার আরও তিন নেতাকে দল থেকে বহিষ্কার করে। একই সঙ্গে তাঁদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এই আসনে বিএনপির দলীয় প্রার্থী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী।
প্রচারণার প্রথম দিনে বেলা ১১টার দিকে হাবিবুর রহমান টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা খাদেমুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামছুল হক ফরিদপুরীর কবর জিয়ারত করেন। এরপর তিনি শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে যান। গেট বন্ধ থাকায় ৩ নম্বর গেটের বাইরে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং সেখান থেকেই নিজের নির্বাচনী প্রতীক নিয়ে প্রচার শুরু করেন।
পরে তিনি টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বর ও পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগ করেন। এ সময় ভোটারদের কাছে ভোট ও সমর্থন চান তিনি।
হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘গোপালগঞ্জ-৩ সংসদীয় আসন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ আসন। এখানে শায়িত আছেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আলেম সমাজের উজ্জ্বল নক্ষত্র আল্লামা শামছুল হক ফরিদপুরী। তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি নির্বাচনী প্রচারণা শুরু করেছি।’
তিনি আরও জানান, একসময় ছাত্রদল ও জেলা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও অনেক আগেই দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন। ডাকযোগে বিএনপির মহাসচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন এবং ৫ আগস্টের পর থেকে তিনি আর বিএনপির রাজনীতিতে সক্রিয় নন। এখন তিনি এলাকার মানুষের জন্য রাজনীতি করতে চান এবং সব ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনগণের পাশে থাকতে আগ্রহী।